রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ৪৮০ গ্রাম কোকেনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসব কোকেনের মূল্য প্রায় এক কোটি টাকা।
Advertisement
মঙ্গলবার (১৪ এপ্রিল) র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় উত্তরার সেক্টর-৭ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- মো. সাইদুজ্জামান কাজল (৪৭) ও মো. মজনু মিয়া (৪৬)।
বুধবার (১৫ এপ্রিল) র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উত্তরা পশ্চিম থানার ফিফট এলায়েন্স গ্লোবাল ট্রেডিং লিমিটেডের অফিসে বিপুল পরিমাণ কোকেন বিক্রির উদ্দেশ্যে একটি চক্র অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে অভ্যর্থনা কক্ষ থেকে ৪৮০ গ্রাম কোকেনসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়।
Advertisement
গ্রেফতাররা দীর্ঘদিন ধরে রাজধানীতে কোকেনসহ বিভিন্ন মাদকদ্রব্য কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
টিটি/ইএ