ক্যাম্পাস

ঢাবির নতুন উপ-উপাচার্য আবদুস সালামের যোগদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম। এ উপলক্ষে বুধবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

অনুষ্ঠানে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকারসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত সোমবার (১৩ এপ্রিল) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১৩ (১) অনুযায়ী অধ্যাপক ড. আবদুস সালামকে উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে স্বাগত জানান। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ সাধন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Advertisement

উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে দল-মতের ঊর্ধ্বে উঠে একাডেমিক পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি নবনিযুক্ত উপ-উপাচার্যের (শিক্ষা) একাডেমিক দক্ষতা ও অভিজ্ঞতার প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা আরও এগিয়ে যাবে।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে নিয়োগ প্রদানই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

‘রাইট পারসনকে রাইট পজিশনে’ নিয়োগ করতে না পারলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় উল্লেখ করে উপাচার্য বলেন, বিগত বছরগুলোতে ভুল সিদ্ধান্তের কারণে অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জিত হয়নি।

Advertisement

ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, দায়িত্ব পাওয়া যেমন আল্লাহর রহমত, তেমনি দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য আল্লাহর দয়া ও রহমত প্রয়োজন। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে তিনি এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গঠনমূলক সমালোচনার আহ্বান জানান।

ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, উপ-উপাচার্য (শিক্ষা) পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ পদে একজন দক্ষ ও যোগ্য একাডেমিক ব্যক্তিত্বের প্রয়োজন ছিল। অধ্যাপক ড. আবদুস সালামকে নিয়োগের মাধ্যমে একজন খ্যাতিমান শিক্ষক, গবেষক ও যোগ্য ব্যক্তিই এই পদে আসীন হলেন।

নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম দায়িত্ব গ্রহণ করে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখতে নিষ্ঠার সঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে যাত্রা শুরু করে শিক্ষকতা এবং বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালনের মাধ্যমে বর্তমান অবস্থানে আসতে পেরে আমি গর্বিত। এ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করি। বিশ্ববিদ্যালয়ের সম্মান ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো। উপাচার্যের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এফএআর/এমএমকে