আন্তর্জাতিক

দক্ষিণ চীন সাগরে উত্তেজনা: স্কারবরো শোলের প্রবেশমুখে চীনের বাধা

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত স্কারবরো শোলের প্রবেশমুখে চীন জাহাজ ও ভাসমান বাধা বসিয়ে নিয়ন্ত্রণ জোরদার করছে বলে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে।

Advertisement

ছবিতে দেখা যায়, শোলের প্রবেশমুখে চীনের মাছ ধরার নৌকা, কোস্টগার্ড বা নৌবাহিনীর জাহাজ এবং একটি দীর্ঘ ভাসমান বাধা স্থাপন করা হয়েছে।

এই পদক্ষেপ এমন সময় নেওয়া হয়েছে, যখন ফিলিপাইন তাদের জেলেদের সহায়তায় নিজস্ব কোস্টগার্ড ও মৎস্যজাহাজ পাঠাচ্ছে, যারা প্রায়ই চীনের বড় জাহাজের কারণে ওই এলাকা থেকে সরে যেতে বাধ্য হয়।

স্কারবরো শোল এশিয়ার অন্যতম বিতর্কিত সামুদ্রিক অঞ্চল। কূটনীতিক ও বিশ্লেষকদের আশঙ্কা, দীর্ঘদিনের এই উত্তেজনা সংঘাতে রূপ নিতে পারে।

Advertisement

এই মাছসমৃদ্ধ অঞ্চলটি ফিলিপাইনের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের মধ্যে পড়লেও চীন এটিকে নিজেদের অংশ বলে দাবি করে।

চীন ২০১২ সাল থেকে কার্যত এই শোলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

ফিলিপাইনের কোস্টগার্ড জানিয়েছে, চীন প্রায় ৩৫২ মিটার দীর্ঘ একটি ভাসমান বাধা স্থাপন করেছে এবং একাধিক নৌযান দিয়ে প্রবেশপথ আংশিকভাবে আটকে রেখেছে।

২০১৬ সালে পারম্যানান্ট কোর্ট অব আরবিট্রেশনের রায়ে বলা হয়, স্কারবরো শোলে চীনের অবরোধ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তবে ওই রায়ে সার্বভৌমত্ব নির্ধারণ করা হয়নি।

Advertisement

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন যৌথ সামরিক মহড়া চালিয়েছে, যা এই অঞ্চলের উত্তেজনা আরও বাড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ব্যস্ত থাকার সুযোগে চীন এ অঞ্চলে তার উপস্থিতি আরও জোরদার করতে পারে—এমন আশঙ্কাও রয়েছে।

সূত্র: রয়টার্স

এমএসএম