দেশজুড়ে

পাম্পে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ

টাঙ্গাইলে একটি তেলের পাম্পে বোতলে তেল বিক্রির দৃশ্য ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিককে হেনস্তার অভিযোগ উঠেছে। এসময় তার মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

Advertisement

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের আমিন বাজার এলাকায় এম আরফান খান অ্যান্ড কোং নামের একটি তেলের পাম্পে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক রাব্বি খান স্টার নিউজের প্রতিনিধি। তিনি জানান, পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখে তিনি সেখানে যান। পরে তিনি দেখতে পান, নিয়ম ভেঙে বোতলে তেল বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে দায়িত্বে থাকা কর্মচারীদের জিজ্ঞাসা করলে তারা জানান, পাম্প মালিকের স্ত্রীর জন্য তেল দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, কিছুক্ষণ পর একাধিক গ্রাহককে বোতলে তেল দিতে দেখে তিনি ভিডিও ধারণ শুরু করেন। এসময় এক ব্যক্তি তার ওপর চড়াও হয়ে মোবাইল ছিনিয়ে নেন ও হুমকি দিয়ে বলেন, ‘মোবাইল পাবি না, যা করার কর, কার কাছে বিচার দিবি দে গা।’ সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাকে হেনস্তা করা হয়।

Advertisement

এদিকে লাইনে দাঁড়ানো মোটরসাইকেল চালকরা জানান, ২-৩ ঘণ্টা অপেক্ষা করেও তারা তেল পাচ্ছেন না। অথচ পাম্প কর্তৃপক্ষ বোতলে তেল বিক্রি করায় ভোগান্তি আরও বেড়ে যাচ্ছে। তারা অবিলম্বে বোতলে তেল বিক্রি বন্ধের দাবি জানান।

এ বিষয়ে মন্তব্য জানতে পাম্প সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুল্লাহ আল নোমান/এমএন/এমএস

Advertisement