দেশজুড়ে

কুড়িগ্রামে মাদরাসায় নিয়োগ বাণিজ্য বন্ধের দাবি

কুড়িগ্রামের রাজারহাটের ডাংরারহাট আজিজিয়া আলিম মাদরাসায় টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মাদরাসাটির প্রধান ফটকে এলাকাবাসী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

Advertisement

মানববন্ধনে বক্তারা টাকার বিনিময়ে নিয়োগদান, জমিদাতা থেকে চাকরি প্রত্যাশীদের সুযোগ এবং মাদরাসার জরাজীর্ণ ভবন সংস্কারের দাবি জানান।

এসময় আরও বক্তব্য রাখেন, হযরত আলী, শরিফুল ইসলাম, শিমুল ও সাইফুল হকসহ অন্যন্যরা।

স্থানীয় বাসিন্দা হযরত আলী বলেন, মাদরাসার প্রিন্সিপাল শাহিদুর রহমান দীর্ঘ ৩৫ বছর ধরে দায়িত্ব পালন করছেন। তার দায়িত্বে মাদরাসার কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি। আমরা মাদরাসার উন্নয়ন চাই।

Advertisement

আরেক বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, আগামী ১৭ এপ্রিল গোপনে নিয়োগের পায়তারা চলছে। আমরা টাকার বিনিময়ে কোনো নিয়োগ চাই না। এটা বন্ধ করে উন্মুক্তভাবে নিরপেক্ষ নিয়োগ চাই।

মাদরাসার শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, আমাদের মাদরাসায় ক্লাস হয় না ঠিকমতো। প্রধান হুজুর আসেন না। মাদরাসার উন্নয়ন চাই।

এ বিষয়ে জানতে মাদরাসাটির অধ্যক্ষ মো. শাহিদুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে পরে জানাতে পারবো।

Advertisement

রোকনুজ্জামান মানু/এনএইচআর/জেআইএম