বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে অনুষ্ঠিত লেভেল-থ্রি কোচিং কোর্সের ফলাফল প্রকাশ হয়েছে আজ। আমিনুল ইসলাম বুলবুলের সময়ে শুরু হওয়া এই কোর্সে বাংলাদেশের ৩০ জন কোচই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
Advertisement
আজ (বুধবার) তাদের হাতে সার্টিফিকেট তুলে দিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। ফলাফলে প্রথম হয়েছেন আব্দুর রাজ্জাক, দ্বিতীয় হান্নান সরকার। যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছেন শাহরিয়ার নাফীস ও ডলার মাহমুদ।
কোর্সটিতে অংশ নেওয়া কোচদের তালিকায় দেশের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন পরিচিত ক্রিকেটারও ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য শাহরিয়ার নাফীস, হান্নান সরকার, তালহা জুবায়ের, রাজিন সালেহ, আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম, ডলার মাহমুদ, তুষার ইমরান, আলমগীর কবির, জাভেদ ওমর, নাজমুল হোসেন, ফাতেমা জোহরা, জাহাঙ্গীর আলম ও মন্টু দত্ত।
দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশে আয়োজন করা হয় এই লেভেল-থ্রি কোচিং কোর্স। গত বছরের ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিসিবির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কার্যক্রম।
Advertisement
এর আগে সর্বশেষ ২০০৯ সালে বাংলাদেশে এমন কোর্স হয়েছিল, তবে সেটি ছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) যৌথ উদ্যোগে। এবারের কোর্সটি আয়োজন করে বিসিবি, যেখানে অস্ট্রেলিয়া থেকে আসা প্রশিক্ষকরা অংশগ্রহণকারী কোচদের প্রশিক্ষণ দেন।
এসকেডি/আইএইচএস/