দেশজুড়ে

ঐতিহ্য রক্ষায় রাজবাড়ীতে লাঠিখেলা অনুষ্ঠিত

বাংলা নববর্ষ উপলক্ষে রাজবাড়ীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

রোববার (১৫ এপ্রিল) বিকেলে রাজবাড়ী বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে জেলা প্রশাসনের আয়োজন ও মন্ডল সিরামিকের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

লাঠিখেলার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন।

এসময় রাজবাড়ীর স্থানীয় এবং সিরাজগঞ্জ থেকে আসা লাঠিয়ালরা তাদের লাঠি নিয়ে শারীরিক নানা কসরত ও অঙ্গভঙ্গির মাধ্যমে দর্শকদের আনন্দ দেন। ঐতিহ্যবাহী এই খেলা দেখে উচ্ছ্বসিত হন উপস্থিত শত শত দর্শক।

Advertisement

লাঠিয়ালরা জানান, লাঠিখেলার মাধ্যমে তাদের শারীরিক ব্যায়াম হয়। এটি আত্মরক্ষার কৌশল হিসেবেও কাজ করে। তবে দিন দিন এ খেলা হারিয়ে যাচ্ছে। যে কারণে তারা এখন জীবন-জীবিকার প্রয়োজনে বিভিন্ন পেশায় জড়িয়ে পড়েছেন। তবে কোথাও নিমন্ত্রণ পেলেই লাঠি নিয়ে প্রদর্শনীতে অংশ নেন।

এ বিষয়ে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে লাঠিখেলার আয়োজন করা হয়েছে। শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ এটি উপভোগ করেছেন।

রু‌বেলুর রহমান/এসআর/জেআইএম

Advertisement