ঢাকা সেনানিবাসে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে আন্তঃবাহিনী আযান ও কিরাত প্রতিযোগিতা-২০২৬। চারদিনব্যাপী এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এতে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
Advertisement
বুধবার (১৫ এপ্রিল) বিমানবাহিনী ঘাঁটি বাশারের শাহীন মসজিদে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জানা যায়, বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় গত ১২ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সশস্ত্র বাহিনীর তিন শাখার (সেনা, নৌ ও বিমান) সদস্যরা অংশগ্রহণ করেন।
এতে আরও জানানো হয়, প্রতিযোগিতাটির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান। তিনি প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Advertisement
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ান এবং বাংলাদেশ নৌবাহিনী রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।
কিরাত বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল মো. গোলাম মুর্শেদ শুভ প্রথম, ল্যান্স কর্পোরাল খান আব্দুল্লাহ দ্বিতীয় এবং সার্জেন্ট মো. সোহেল রানা তৃতীয় স্থান অর্জন করেন।
অন্যদিকে আযান বিভাগে বাংলাদেশ বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. আজিমুল হায়দার প্রথম, বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. মাহাতাব আলী দ্বিতীয় এবং বিমান বাহিনীর সার্জেন্ট (এমওডিসি) সুলতান আহমেদ তৃতীয় স্থান অর্জন করেন।
অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।
Advertisement
টিটি/কেএইচকে