রাজনীতি

চীনের পথে বিএনপির প্রতিনিধিদল, ফখরুল যাচ্ছেন ১৯ এপ্রিল

চীনা সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির একটি প্রতিনিধিদল দেশটির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না নর্দান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা রওনা দেন।

Advertisement

প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

প্রথমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীলের নেতৃত্বে প্রতিনিধিদলের সফরে যাওয়ার কথা থাকলেও তিনি চিকিৎসাজনিত কারণে দলের সঙ্গে যেতে পারেননি। তবে আগামী ১৯ এপ্রিল তিনি এ সফরে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

Advertisement

এদিকে, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হিরারও এই সফরে যাওয়ার কথা থাকলেও তারাও যাচ্ছেন না।

সফরকারী প্রতিনিধিদলে আরও রয়েছেন—বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু ও ড. আসাদুজ্জামান রিপন; চেয়ারপারসনের উপদেষ্টা নজমুল হক নান্নু; কণ্ঠশিল্পী বেবী নাজনীন; যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিবুন নবী খান সোহেল; স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম; চলচ্চিত্রকার আশরাফ উদ্দিন উজ্জ্বল; সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুস্তাফিজুর রহমান বাবুল, মনোয়ার হোসেন খান, সাঈদ আল নোমান এবং সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি।

এছাড়া ঢাকা-১৪ আসনের প্রার্থী সানজিদা ইসলাম তুলি, কামাল আনোয়ার আহমেদ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ এবং মীর সোলাইমানও রয়েছেন প্রতিনিধিদলে।

এর আগে, গত ১৩ এপ্রিল ঢাকায় চীনা দূতাবাস বিএনপি প্রতিনিধিদলের সম্মানে এক নৈশভোজের আয়োজন করে। এতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

Advertisement

নৈশভোজের আগে প্রতিনিধিদল চীন সফরে যেসব স্থান পরিদর্শন করবে, সে বিষয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। শেষে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানানো হয়।

সফর শেষে আগামী ২৪ এপ্রিল প্রতিনিধিদলটির ঢাকায় ফেরার কথা রয়েছে।

কেএইচ/এমকেআর