দেশজুড়ে

লঞ্চে আট মাসের শিশু রেখে উধাও ‘বাবা’

পটুয়াখালীর বাউফল থেকে ঢাকাগামী একটি ডাবল ডেকার লঞ্চে ৬ থেকে ৮ মাস বয়সি এক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে, বাবা পরিচয় দিয়ে শিশুটিকে এক ব্যক্তি ওই লঞ্চে নিয়ে আসেন।

Advertisement

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাইয়া লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া এমভি বন্ধন-৫ লঞ্চে এ ঘটনা ঘটে।

লঞ্চের যাত্রী ও সংশ্লিষ্টরা জানান, বিকেল ৪টার দিকে কালাইয়া লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে লঞ্চটি। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধুলিয়া লঞ্চঘাটে নোঙর করলে এক ব্যক্তি কোলে একটি শিশুকে নিয়ে লঞ্চে ওঠেন। তিনি নিজেকে শিশুটির বাবা পরিচয় দিয়ে অন্য যাত্রীদের সঙ্গে বসেন এবং কিছু সময় অবস্থান করেন।

একপর্যায়ে ওই ব্যক্তি জানান, শিশুটির মা লঞ্চে উঠবেন এ কথা বলে তিনি লঞ্চ থেকে নেমে যান। নামার সময় পাশের যাত্রীদের কাছে শিশুটির দিকে খেয়াল রাখার অনুরোধ করেন। তবে লঞ্চটি ধুলিয়া ঘাট ত্যাগ করার পরও তিনি কিংবা শিশুটির কোনো স্বজন আর ফিরে আসেননি।

Advertisement

লঞ্চ ছাড়ার কিছু সময় পর শিশুটি কান্নাকাটি শুরু করলে বিষয়টি যাত্রীদের নজরে আসে। পরে তারা লঞ্চ কর্তৃপক্ষকে অবহিত করেন। এসময় লঞ্চ কর্তৃপক্ষ শিশুটিকে কয়েকজন নারী যাত্রীর তত্ত্বাবধানে রাখে।

লঞ্চের এক যাত্রী মো. সোহেল বলেন, ধুলিয়া ঘাট থেকে ওঠার পরপরই ওই ব্যক্তি শিশুটিকে রেখে ‘মা আসছে’ বলে নেমে যান। এরপর আর তাকে দেখা যায়নি।

এমভি বন্ধন-৫ লঞ্চের সুপারভাইজার মো. সজল বলেন, কী কারণে শিশুটিকে রেখে ওই ব্যক্তি চলে গেছেন, তা জানা যায়নি। শিশুটি বর্তমানে নিরাপদে রয়েছে এবং তার পরিবারের সন্ধানে চেষ্টা চলছে।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আল মামুন বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

মাহমুদ হাসান রায়হান/এফএ/এমএস