মিশরের রাজধানী কায়রোতে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন ক্বেরাত ও গজল সন্ধ্যা। প্রাণবন্ত পরিবেশে ‘কলরব’ শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উপস্থিত দর্শকদের মনে আনন্দ সৃষ্টি করে।
Advertisement
বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ইসলামিক কায়রোর দারাসা এলাকায় অবস্থিত বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠান ‘দারুল আজহার বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত এ মনোমুগ্ধকর অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন শায়েখ হাবিবুল বাশার আজহারী।
অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারী মুহাম্মদ নাজমুস সাকিব। এছাড়াও হৃদয়গ্রাহী তেলাওয়াত পরিবেশন করেন কারী সুলতান আজিদ বিল্লাহ রাব্বানী। নাশিদ ও গজল পরিবেশন করেন ‘কলরব’ শিল্পী তাহসিনুল ইসলাম, যার সুমধুর কণ্ঠ উপস্থিত দর্শকদের গভীরভাবে বিমোহিত করে। পুরো অনুষ্ঠানটি ছিল আধ্যাত্মিক আবহে পরিপূর্ণ।
কুরআনের সুমধুর তেলাওয়াত ও গজলের মাধুর্য একত্রে মিলিত হয়ে সৃষ্টি করে এক হৃদয়স্পর্শী পরিবেশ, যা উপস্থিত সবার অন্তরে গভীর প্রশান্তি এনে দেয়। অনুষ্ঠানে আগত অতিথিরা গভীর মনোযোগ ও আবেগঘন পরিবেশে পুরো আয়োজন উপভোগ করেন। এতে উপস্থিত ছিলেন মাহাবুব আজহারী, কুতুবউদ্দিন আজহারীসহ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীরা।
Advertisement
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে দারুল আজহার বাংলাদেশের চেয়ারম্যান শায়েখ হাবিবুল বাশার আজহারী বলেন, ইসলামী সংস্কৃতি ও পবিত্র কুরআনের সৌন্দর্য সর্বস্তরে ছড়িয়ে দেওয়াই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।
এমআরএম