খুলনার ফুলতলা উপজেলায় সাব্বির হোসেন (১৮) নামে এক যুবক ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
Advertisement
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার দামোদর তহসিল অফিস সড়ক এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন- স্বাধীন আহম্মেদ (২০) ও নীরব হোসেন (১৯)। নিহত সাব্বির হোসেন ফুলতলা বাজার বাসস্ট্যান্ডের বাসিন্দা গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সাব্বির স্থানীয়ভাবে ডিশ ও ওয়াইফাই লাইনের কাজ করতেন। বৃহস্পতিবার রাতে দামোদর জমাদ্দার পাড়া এলাকায় জিসান ও তার ভ্যানচালক বাবা মাইনের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তারা সাব্বিরসহ তিনজনকে ধারালো ছুড়ি দিয়ে পেটে ও বুকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত বলে ঘোষণা করেন। আহত স্বাধীন ও নীরব বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Advertisement
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে তদন্ত চলছে এবং অপরাধীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
আরিফুর রহমান/এনএইচআর/জেআইএম