মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের খ্রিস্টান এক প্রার্থনা সভায় বাইবেলের উদ্ধৃতি দিয়ে ‘ভুয়া আয়াত’ পাঠ করেছেন পিট হেগসেথ। তিনি যে বাক্যটি উদ্ধৃত করেছেন তা আসলে ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘পাল্প ফিকশন’ সিনেমার সংলাপ। মার্কিন প্রতিরক্ষা সচিবের এমন কর্মকাণ্ড নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
Advertisement
সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান-এর তথ্য মতে, বুধবার (১৫ এপ্রিল) পেন্টাগনে আয়োজিত প্রার্থনা অনুষ্ঠানে বাইবেলের ভুল উদ্ধৃতি দিয়েছেন পিট হেগসেথ। এটি মূলত কোয়েন্টিন ট্যারান্টিনোর চলচ্চিত্রের একটি সংলাপ যা অনেক সময় ভুলভাবে বাইবেলের ‘বুক অব ইজেকেইল’- এর (২৫:১৭) আয়াত হিসেবে প্রচারিত হয়।
হেগসেথ দাবি করেন, এই প্রার্থনাটি তাকে এক সামরিক অভিযানের পরিকল্পনাকারী দিয়েছেন, যা সম্প্রতি ইরানে ভূপাতিত হওয়া মার্কিন বিমানচালকদের উদ্ধারের সঙ্গে সংশ্লিষ্ট। তিনি ‘সিএসএআর’-২৫১৭ শিরোনামে এটি উপস্থাপন করেন এবং পুরো আয়াতটি ধর্মীয় বক্তব্য হিসেবে পড়েন।
তবে বাস্তবে আয়াতটির প্রথম অংশ চলচ্চিত্রের জন্য নির্মিত, যেখানে অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসন অভিনীত চরিত্র এটি ব্যবহার করে। তবে এর কিছু অংশ বাইবেল থেকে অনুপ্রাণিত।
Advertisement
ঘটনাটি নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে, বিশেষ করে যখন হেগসেথ এরই মধ্যে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটদের আনা একাধিক অভিশংসন অভিযোগের মুখোমুখি হয়েছেন।
সমালোচকরা বলছেন, সামরিক কর্মকাণ্ডকে ধর্মীয় ভাষায় উপস্থাপন করা এবং ভুয়া ধর্মীয় উদ্ধৃতি ব্যবহার করা উদ্বেগজনক। এর আগে আরেকটি প্রার্থনা সভায় তিনি ‘শত্রুদের বিরুদ্ধে নির্মম শক্তি প্রয়োগ’-এর আহ্বান জানিয়ে সমালোচিত হয়েছিলেন।
উল্লেখ্য, হেগসেথ নিয়মিত পেন্টাগনে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করেন। তার কর্মকাণ্ডে খ্রিষ্টধর্মকে প্রকাশ্যে গুরুত্ব দেওয়ার কারণে তিনি একদিকে যেমন প্রশংসা পেয়েছেন ঠিক এর বিপরীতে তীব্র সমালোচনার মুখেও পড়ছেন।
এমএমকে
Advertisement