জাতীয়

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজ ফ্লাইট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। সেই সঙ্গে আগামী বছর থেকে হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি হজের খরচ আরও কমানোর আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।

Advertisement

এদিন ফ্লাইটে চড়ে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে দেশ ও জাতির জন্য তাদের কাছে দোয়া চান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা প্রত্যেকে আল্লাহর মেহমান। আপনাদের যাদের আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক হয়েছে, তারা যদি হাত তুলে দোয়া করেন, আল্লাহ আপনাদের দোয়া কবুল করবেন।

হজযাত্রীদের দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করবেন। যাতে আল্লাহ তৌফিক দেন, আমাদের সামনে যত সমস্যা-বিপদ আছে, সেগুলো যেন আমরা মোকাবিলা করতে পারি। দেশের মানুষের জন্য সরকারের নেওয়া উদ্যোগগুলো যেন সফলভাবে বাস্তবায়ন করতে পারি।

Advertisement

এসময় আগামী বছর থেকে সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি হজের খরচ কমানোর আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা সরকার গঠনের আগেই অন্তর্বর্তী সরকারের সময়েই এই হজ ব্যবস্থার বেশিরভাগ কাজগুলো হয়ে গিয়েছিল। তারপরও যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি, অন্তত ১২ হাজার টাকা কমানোর চেষ্টা করেছি। আগামী বছর যাতে আরও খরচ কমাতে পারি, কম খরচে যাতে হজে পাঠানোর ব্যবস্থা করতে পারি আপনারা দোয়া করবেন।

পরে প্রধানমন্ত্রীসহ অন্যদের উপস্থিতিতে ফ্লাইটেই হজযাত্রীদের নিরাপদ যাত্রার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ চেয়ে দোয়া মোনাজাত হয়। এরপর ফ্লাইট থেকে নেমে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ হয়ে বাইরে এসে বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

এর আগে রাত ১১টার দিকে বিমানবন্দর এলাকায় পৌঁছে প্রথমেই রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এসময় তার সঙ্গে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহও ধর্ম মন্ত্রণালয় ও শাহজালাল বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেএইচ/এমআইএইচএস

Advertisement