লাইফস্টাইল

গরমে মাথার ত্বকের জ্বালাপোড়া ও চুলকানি রোধের ঘরোয়া উপায়

গরম পড়লেই শুধু ত্বক নয়, মাথার ত্বক বা স্ক্যাল্পও নানা সমস্যার মুখোমুখি হয়। তপ্ত রোদে বাইরে বের হলে ঘাম জমে স্ক্যাল্পে অস্বস্তি তৈরি করে। কিছুক্ষণ রোদে থাকলেই মাথা চুলকানো, জ্বালাপোড়া অনুভব করা কিংবা খুশকি বেড়ে যায়। এছাড়া ধুলাবালি ও দূষণের কারণে চুলের গোড়ায় সংক্রমণ তৈরি করতে পারে। অনেক সময় অতিরিক্ত ঘামের কারণে মাথায় ছোট ছোট ফুসকুড়িও দেখা দিতে পারে।

Advertisement

স্ক্যাল্পের সমস্যা কেন হয়?

গবেষণায় দেখা গেছে, গরম ও আর্দ্র আবহাওয়ায় আমাদের শরীরের ঘর্মগ্রন্থিগুলো বেশি সক্রিয় হয়ে ওঠে। ফলে মাথার ত্বকেও বেশি ঘাম জমে। এই ঘামের সঙ্গে যখন বাইরের ধুলা ও ময়লা মিশে যায়, তখন তা স্ক্যাল্পের ছিদ্র বা পোরস বন্ধ করে দেয়। ফলে ত্বকে অক্সিজেন পৌঁছাতে বাধা সৃষ্টি হয় এবং ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস দ্রুত বৃদ্ধি পায়। বিশেষ করে যারা নিয়মিত বাইক চালান বা দীর্ঘ সময় রোদে থাকেন, তাদের ক্ষেত্রে ‘স্টিকি ড্যানড্রাফ’ বা আঠালো খুশকির সমস্যা বেশি দেখা যায়।

তবে এই সমস্যার সমাধানে সবসময় পার্লারে গিয়ে খরচ করার প্রয়োজন নেই। ঘরেই থাকা কিছু সাধারণ উপাদান ব্যবহার করে সহজেই স্ক্যাল্পের যত্ন নেওয়া সম্ভব।

আসুন জেনে নেওয়া যাক জ্বালাপোড়া ও চুলকানি রোধের ঘরোয়া উপায়গুলো কী কী-

Advertisement

  অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেল স্ক্যাল্পের জন্য একটি প্রাকৃতিক কুল্যান্ট হিসেবে কাজ করে। এটি জ্বালাপোড়া কমাতে এবং ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে। ব্যবহারের জন্য ১ টেবিল চামচ টাটকা অ্যালোভেরা জেল বের করে ব্লেন্ড করে নিন। এরপর সরাসরি স্ক্যাল্প ও চুলে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে এবং চুলকানি কমায়।

নিম পাতা

নিম পাতা প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান হিসেবে পরিচিত। গরমে যাদের মাথায় ফুসকুড়ি বা সংক্রমণ হয়, তাদের জন্য এটি খুবই উপকারী। আপনি চাইলে নিম পাতা বেটে সরাসরি স্ক্যাল্পে লাগাতে পারেন। অথবা ১ মুঠ নিম পাতা পানিতে ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে চুল ধুতে পারেন। এতে স্ক্যাল্প পরিষ্কার থাকবে এবং সংক্রমণের ঝুঁকি কমবে।

টক দই

টক দই স্ক্যাল্পকে শান্ত রাখতে এবং খুশকি কমাতে দারুণ কাজ করে। এতে প্রাকৃতিক কন্ডিশনিং উপাদান থাকে, যা চুলকে নরম ও মসৃণ করে। ব্যবহারের জন্য ২ টেবিল চামচ টক দই ভালোভাবে ফেটে নিয়ে স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। ১৫-২০ মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে খুশকি ও চুলকানি অনেকটাই কমে যাবে।

লেবুর রস ও নারিকেল তেল

খুশকির কারণে যদি চুলকানি বেড়ে যায়, তবে লেবুর রস একটি ভালো সমাধান হতে পারে। লেবুর অ্যান্টি-ফাঙ্গাল গুণ খুশকি কমাতে সাহায্য করে। ১ টেবিল চামচ লেবুর রস সামান্য পানির সঙ্গে মিশিয়ে তুলার সাহায্যে স্ক্যাল্পে লাগান। তবে যদি আপনার স্ক্যাল্প শুষ্ক হয়, তাহলে লেবুর রসের সঙ্গে ১ চা চামচ নারিকেল তেল মিশিয়ে নিন। ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেললে ভালো ফল পাওয়া যাবে।

Advertisement

কিছু বাড়তি যত্নের পরামর্শ

গরমে স্ক্যাল্পের সমস্যা এড়াতে কিছু বিষয় মেনে চলা জরুরি। প্রথমত, কড়া কেমিক্যালযুক্ত শ্যাম্পু ব্যবহার না করে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। এতে স্ক্যাল্পের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকবে। বাইরে বের হওয়ার সময় স্কার্ফ, টুপি বা ছাতা ব্যবহার করে সরাসরি রোদ থেকে মাথাকে রক্ষা করুন। এছাড়া নিয়মিত চুল পরিষ্কার রাখা এবং ঘাম জমতে না দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। 

গরমের সময় স্ক্যাল্পের জ্বালাপোড়া, চুলকানি বা খুশকির সমস্যা খুবই সাধারণ হলেও তা অবহেলা করা ঠিক নয়। সঠিক যত্ন না নিলে এটি আরও জটিল আকার ধারণ করতে পারে।তবে ভালো খবর হলো, ঘরোয়া কিছু সহজ উপায়েই এই সমস্যার সমাধান করা সম্ভব। প্রাকৃতিক উপাদান ব্যবহার করে আপনি সহজেই স্ক্যাল্পকে সুস্থ ও আরামদায়ক রাখতে পারবেন।

সূত্র: মেডিকেল নিউজ টুডে, এনডিটিভি

   আরও পড়ুন:পুরুষের চুলের যত্নে ম্যাজিক দেখাবে যেসব তেল চুল পড়া বন্ধ হবে রসুন ব্যবহারে 

এসএকেওয়াই