জাতীয়

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩ হাজার ৬০০ পিস ইয়াবা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

Advertisement

রোববার (১৯ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

আইএসপিআর জানায়, গতকাল শনিবার একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র টেকনাফ পৌরসভাস্থ শাপলা চত্বর দিয়ে যানবাহনযোগে মাদকপাচারের পরিকল্পনা করছে। এই সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নস্থ লেঙ্গুরবিল এলাকায় অবস্থান নেয় এবং চেকপোস্ট স্থাপন করত বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহজনক প্রাইভেটকারের দেখে সঙ্গে সঙ্গে গাড়িটি তল্লাশি করা হয়।

তল্লাশিকালে গাড়ির গ্যাস সিলিন্ডারের পেছনে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধারের পাশাপাশি গাড়িটি জব্দ করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দ করা মাদক ও গাড়িটি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

Advertisement

আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের যুবসমাজ ও নতুন প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে সুরক্ষিত রাখতে উপকূলীয় এবং সমুদ্রপথে যেকোনো ধরনের মাদক প্রবেশ/পাচার প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও মাদক কারবারিদের বিরুদ্ধে নৌবাহিনীর এ ধরনের কঠোর ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

টিটি/এমকেআর

Advertisement