চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংগঠনটির এক সাবেক নেতা।
Advertisement
রোববার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে একাই প্লেকার্ড হাতে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন তিনি। পরে দুপুর সাড়ে ১২টার দিকে চবি ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক রুবেলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিয়ে একটি পোস্ট দেওয়া হয়।
প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার কর, করতে হবে’, ‘রাজবন্দীদের মুক্তি চাই, দিতেই হবে’ এবং ‘প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ’।
অবস্থান নেওয়া ওই নেতার নাম ওয়াহিদুল আলম। তিনি জোবরা গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
Advertisement
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কোরবান আলী বলেন, শহীদ মিনারে ছাত্রলীগের এক নেতা অবস্থান করেছেন ঘটনাটি আমরা জেনেছি। শহীদ মিনারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন অভিযোগ করেন, একই ব্যক্তি ঈদের আগে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিলের নেতৃত্ব দেন। তিনি বলেন, আমরা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে প্রতিহত করি। প্রশাসনের দুর্বলতার কারণেই তারা বারবার এমন কর্মকাণ্ড চালাচ্ছে।
অন্যদিকে চবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. পারভেজ বলেন, অভিযুক্ত ব্যক্তি আগেও নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছেন। কিন্তু প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ব্যবস্থা নেয়নি।
এমএমআরআর/কেএইচকে/জেআইএম
Advertisement