ধর্ম

লাশ দাফনের সময় তিনবার মাটি দেওয়া কি বিদআত?

প্রশ্ন: আমাদের এলাকায় কাউকে কবর দেওয়ার সময় উপস্থিত সবাই তিনবার করে মাটি দেয়। এভাবে তিনবার করে মাটি দেওয়া কি বিদআত বা মানুষের বানানো আমল? কবর দেওয়ার পর কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করে দোয়া করার ব্যাপারেও বলবেন, এটি কি বিদআত?

Advertisement

উত্তর: লাশ দাফন করার সময় উপস্থিত লোকদের জন্য কবরে তিন মুষ্টি করে মাটি দেওয়া মুস্তাহাব। এটি বিদআত বা বানানো আমল নয়; বরং হাদিস দ্বারা প্রমাণিত আমল।

আবু হোরায়রা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এক ব্যক্তির জানাজা পড়েছেন। জানাজা শেষে মৃত ব্যক্তির কবরের কাছে এসে মাথার দিক থেকে তিনবার মাটি দিয়েছেন। (সুনানে ইবনে মাজাহ: ১৫৬৫)

আবুদ দারদা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, জানাজার সওয়াবের পূর্ণতার একটি অংশ হল, কবরে হাত দিয়ে মাটি দেওয়া। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১১৮৩৬)

Advertisement

মৃত ব্যক্তিকে দাফন করার তার কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করে তার জন্য রহমত ও মাগফেরাত প্রার্থনা করা, ফেরেশতাদের প্রশ্নের জবাবে তার ইমানি দৃঢ়তা প্রার্থনা করাও মুস্তাহাব। রাসুল (সা.) এ রকম আমল করেছেন বলে বর্ণিত রয়েছে।

ওসমান ইবনে আফফান (রা.) থেকে বর্ণিত রয়েছে, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মৃত ব্যক্তিকে দাফন করার পর সেখানে অবস্থান করতেন এবং বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা কর। তার জন্য দৃঢ়তার দোয়া করো। এখনই তাকে জিজ্ঞাসা করা হবে। (সুনানে আবু দাউদ: ৩২১৩)

সহিহ মুসলিমে এসেছে বিখ্যাত সাহাবি আমর ইবনুল আস (রা.) তার মৃত্যুর সময় অসিয়ত করেছিলেন, তাকে দাফন করার পর কবরের পাশে অবস্থান করে দোয়া করতে। আবদুর রহমান ইবনে শামাসাহ থেকে বর্ণিত রয়েছে মৃত্যুর সময় আমর ইবনুল আস (রা.) বলেছিলেন, আমি যখন মারা যাব, তখন যেন কোনো বিলাপকারিনী অথবা আগুন আমার জানাজার সাথে না থাকে। আমাকে যখন দাফন করবে তখন আমার ওপর আস্তে আস্তে মাটি ফেলবে এবং দাফনের পর একটি উট জবাই করে তার মাংস বণ্টন করতে যতক্ষণ সময় লাগে, ততক্ষন আমার কবরের পাশে অবস্থান করবে। যেন তোমাদের উপস্থিতির (দোয়া ও ইস্তেগফারের) কারণে আমি আতঙ্কমুক্ত অবস্থায় চিন্তা করতে পারি যে, আমার রবের দূতদের প্রশ্নের কী জবাব দেব। (সহিহ মুসলিম: ১২১)

ওএফএফ

Advertisement