দেশজুড়ে

সিরিয়াল ভেঙে তেল নিতে বাধা, ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর

মেহেরপুর সদরের কাথুলী সড়কে অবস্থিত ‘জেড কে ফিলিং স্টেশনে’ হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল যুবক। রোববার (১৯ এপ্রিল) দুপুরে সিরিয়াল ভেঙে তেল নেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

Advertisement

ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রেজানুর রহমান বিশ্বাস জানান, স্থানীয় মাঠপাড়া ও নতুন পাড়ার কিছু যুবক প্রায়ই পাম্পে এসে নিয়ম-নীতির তোয়াক্কা না করে আগে তেল নেওয়ার চেষ্টা করত। রোববার দুপুরে হঠাৎ ৫০টিরও বেশি মোটরসাইকেল নিয়ে অর্ধশতাধিক যুবক পাম্পে এসে হানা দেয়। তারা সিরিয়াল ভেঙে তেল নিতে চাইলে পাম্প কর্তৃপক্ষ অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে যুবকরা অতর্কিত হামলা চালিয়ে স্টেশনের আসবাবপত্র ও যন্ত্রপাতি ভাঙচুর করে।

খোঁজ নিয়ে জানা যায়, এ ঘটনার খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের ওসি (তদন্ত) জাহাঙ্গীর সেলিমের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

আসিফ ইকবাল/কেএইচকে/জেআইএম