যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আগের সময়ের তুলনায় এখন আরও দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা হালনাগাদ ও পুনর্গঠন করছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার জেনারেল মাজিদ মুসাভি এমন দাবি করেছেন।
Advertisement
রোববার (১৯ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘নূর নিউজকে’ দেওয়া বক্তব্যে মেজর জেনারেল মাজিদ মুসাভি একটি বিবৃতি দেন ও সম্পাদিত একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তাকে একটি অজ্ঞাত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা পরিদর্শন করতে দেখা যায়।
প্রকাশিত ভিডিওতে ভূগর্ভস্থ স্থাপনায় ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং উৎক্ষেপণ যন্ত্রের দৃশ্য দেখানো হয়। পাশাপাশি মাটি থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফুটেজও এতে অন্তর্ভুক্ত ছিল।
মুসাভি বলেন, যুদ্ধবিরতির সময় শত্রুপক্ষ তাদের গোলাবারুদ পুনর্গঠন করতে পারেনি, যা ইরানের সঙ্গে বড় পার্থক্য তৈরি করেছে। ইরানের বিপরীতে শত্রু যুদ্ধবিরতির সময় তাদের গোলাবারুদ পুনর্নির্মাণ করতে পারেনি।
Advertisement
তিনি আরও বলেন, যুদ্ধবিরতির সময় আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ প্ল্যাটফর্ম হালনাগাদ ও পুনরায় প্রস্তুত করার গতি যুদ্ধের আগের সময়ের চেয়েও বেশি।
মুসাভির দাবি, শত্রুপক্ষ নিজেরা এমন সক্ষমতা তৈরি করতে অক্ষম ও তাদের বিশ্বের অন্য প্রান্ত থেকে ধীরে ধীরে গোলাবারুদ আনতে হচ্ছে। তিনি আরও দাবি করেন, যুদ্ধের এই ধাপে তারা (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) হেরে গেছে। তারা হরমুজ প্রণালী, লেবানন ও পুরো অঞ্চল হারিয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই
এসএএইচ
Advertisement