রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চলমান চিরুনি অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
Advertisement
তিনি বলেন, সাম্প্রতিক হত্যাকাণ্ডের পর পুরো এলাকাকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। এ ছাড়া বসিলা এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) রাতে মোহাম্মদপুরে চিরুনি অভিযান চলাকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডিসি ইবনে মিজান বলেন, মোহাম্মদপুরের রায়েরবাজার, জেনেভা ক্যাম্প, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান ও বসিলাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই পর্যায়ক্রমে চিরুনি অভিযান পরিচালনা করছে পুলিশ। কখনো একযোগে, আবার কখনো ধাপে ধাপে এসব অভিযান চালানো হচ্ছে।
Advertisement
গত এক সপ্তাহে রায়েরবাজার এলাকায় দুটি হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ দ্রুত সময়ের মধ্যে রহস্য উদ্ঘাটন করে সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতার করেছে। এসব অভিযানে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করছে।
ডিসি বলেন, মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে বসিলার অস্থায়ী পুলিশ ক্যাম্পে জনবল বাড়িয়ে দুই প্লাটুন, অর্থাৎ ৬৬ জন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য মোতায়েন করা হয়েছে। এসব সদস্য ভবিষ্যতের সব অভিযানে পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করবেন।
তিনি বলেন, রায়েরবাজার ও বেড়িবাঁধ এলাকায় অপরাধে জড়িতদের একটি বড় অংশ ভাসমান। তারা বিভিন্ন উপজেলা ও জেলা থেকে এসে এখানে বসবাস করে এবং নির্দিষ্ট পেশা না থাকায় অনেকেই অপরাধে জড়িয়ে পড়ে, যার মধ্যে কিশোর গ্যাংয়ের সদস্যরাও রয়েছে। তাই এখানে বৈধভাবে জীবিকা নির্বাহ করতে হবে, অন্যথায় এলাকা ছাড়তে হবে।
বসিলার অস্থায়ী পুলিশ ক্যাম্প প্রসঙ্গে তিনি বলেন, আগে এখানে একটি ক্যাম্প থাকলেও জনবল কম ছিল। বর্তমানে সেটি শক্তিশালী করা হয়েছে এবং ভবিষ্যতে এটিকে পূর্ণাঙ্গ থানায় রূপান্তরের বিষয়েও উদ্যোগ নেওয়া হতে পারে বলে আশা করছি।
Advertisement
টিটি/এমএএইচ/