দেশজুড়ে

সোনারগাঁয়ে থানা থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে চারটি সাউন্ড গ্রেনেডসহ পুলিশের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো ২০২৪ সালের ৫ আগস্ট থানা থেকে লুট করা হয়েছিল।

Advertisement

রোববার (১৯ এপ্রিল) দুপুরে সোনারগাঁ পৌর এলাকার লাহাপাড়া গ্রামের একটি বাড়ির ভাড়াটিয়া কক্ষ থেকে এসব সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নরসিংদীর শিবপুরের ইটাখোলা এলাকা থেকে সম্প্রতি একটি তেলবাহী গাড়ি ছিনতাই হয়। ওই ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণের মাধ্যমে সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া এলাকার আজিজুল ইসলাম নামে এক ব্যক্তির অবস্থানের বিষয়ে নিশ্চিত হয় পুলিশ। এরপর নরসিংদী ডিবি পুলিশের পরিদর্শক সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে ও সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় ওই বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে ওই কক্ষ থেকে পুলিশের ব্যবহৃত চারটি সাউন্ড গ্রেনেড, হেলমেট ও লাঠিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আজিজুল ইসলাম আগেই পালিয়ে যান। আজিজুল উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী গ্রামের নূর মোহাম্মদের ছেলে বলে জানা গেছে।

Advertisement

এ বিষয়ে বাড়ির মালিক মাহবুব সরকার বলেন, আজিজুল হামছাদী এলাকার ছেলে। তিনি একজন ব্যবসায়ী। তিনি বিভিন্ন পণ্যের ডিলার নিয়ে ব্যবসা করেন। সাউন্ড গ্রেনেডের বিষয়ে তিনি কিছু আমার জানা নেই।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহিবুল্লাহ জাগো নিউজকে জানান, একটি ডাকাতির ঘটনায় নরসিংদী ডিবি পুলিশ সোনারগাঁ থানা এলাকায় অভিযান পরিচালনা করে থানা থেকে লুট হওয়া বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। আমি সাউন্ড গ্রেনেডের কথা শুনলেও এখনো নিশ্চিত নই। কারণ আমি মিটিংয়ে ছিলাম। বিস্তারিত পরে জানবো।

মো. আকাশ/কেএইচকে/এমএস

Advertisement