প্রথম ম্যাচ হেরে যাওয়ায় তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এমন বাঁচা মরার লড়াইয়ে একাদশে পরিবর্তন এনেছে মেহেদী হাসান মিরাজের দল। সকাল ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। টানা ব্যর্থ হতে থাকা আফিফ হোসেন বাদ পড়েছেন একাদশ থেকে। তার জায়গায় ফিরেছেন সৌম্য সরকার।
Advertisement
জাগো নিউজের প্রতিবেদনে আগেই জানানো হয়েছিল সৌম্য ফিরবেন। একাদশ ঘোষণা হতেই সেটাই প্রতীয়মান হলো। আগের ম্যাচে চোট পাওয়া মোস্তাফিজুর রহমান এই ম্যাচেও বাইরে আছেন।
গত মাসে পাকিস্তান সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন আফিফ হোসেন। তবে ফেরার পর টানা ব্যর্থ হচ্ছিলেন এই বাঁহাতি ব্যাটার। ৪ ম্যাচের ৩ ইনিংসে ব্যাটিং করেছেন সর্বসাকুল্যে ৪৬ রান! এর মধ্যে গত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৯ বল খেলে কোনো বাউন্ডারি আদায় করতে পারেননি, করেছেন মাত্র ২৭ রান।
আর সৌম্য সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওই ম্যাচে ৯১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন এই বাঁহাতি ওপেনার। তবে এরপরও পাকিস্তানের বিপক্ষে গত মাসে ৩ ম্যাচের সিরিজের পুরোটাই তাকে কাটাতে হয়েছে ডাগআউটে বসে। নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রথম ম্যাচে একাদশে জায়গা হয়নি তার। অবশেষে টানা ৪ ম্যাচ পানি টানার পর একাদশে ফিরলেন সৌম্য।
Advertisement
বাংলাদেশ একাদশ
তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
এসকেডি/আইএন
Advertisement