আন্তর্জাতিক

প্রণালি বন্ধ হলে ‘মানুষ বা জিন কেউই তা পুনরায় খুলতে পারবে না’: হুথি

আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘বাব আল-মান্দেব’ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী আনসার আল্লাহ।

Advertisement

এই অঞ্চলটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতিক্রিয়ায় তারা এমন পদক্ষেপ নিতে প্রস্তুত বলে হুথি বিদ্রোহী গোষ্ঠীর নেতা হোসেইন আল-এজ্জি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আল-এজ্জি বলেন, সানার পক্ষ থেকে যদি প্রণালিটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে ‘মানুষ বা জিন-কেউই তা পুনরায় খুলতে পারবে না।’ তিনি যুক্তরাষ্ট্রকে তাদের নীতি পরিবর্তনের আহ্বান জানান এবং ইয়েমেনের জনগণের অধিকারের প্রতি সম্মান দেখাতে বলেন।

এর আগে, হুথি সরকারের উপতথ্যমন্ত্রী মোহাম্মদ মানসুর সতর্ক করেছিলেন যে, শুধু ইরানকে ঘিরে উত্তেজনা নয়, লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহকে রক্ষার জন্যও এই প্রণালি বন্ধ করা হতে পারে।

Advertisement

তিনি আরও বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকট দেখা দিতে পারে এবং তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

পারমাণবিক অস্ত্র তৈরি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির অভিযোগ এনে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী।

একই দিনে লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি হামলার প্রতিবাদে গত ২ মার্চ প্রতিহামলা শুরু করে লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত দুই হাজারের বেশি নিরীহ মানুষ নিহত হয়েছে যাদের মধ্যে ১৭০ জনের বেশি শিশু।

সূত্র: তাস

Advertisement

এমকেএম