দেশজুড়ে

বাধ্য হয়ে জ্বালানির দাম বাড়াতে হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সারা বিশ্বে জ্বালানির দাম বেড়েছে। কিন্তু আমরা জ্বালানির দাম বাড়াইনি। তবে বাধ্য হয়ে রোববার থেকে জ্বালানির দাম বাড়াতে হয়েছে।

Advertisement

সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিন্দাপার্কে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৭০ হাজার কোটি টাকারও বেশি ডেমারেজ দিতে হয়েছে, সরকারি তহবিল থেকে লোকসান দিতে হয়েছে। গত দুই সরকার, বিশেষ করে ফ্যাসিস্ট সরকার, যারা দিনের ভোটের পরিবর্তে রাতে নির্বাচিত হয়েছিল, তারা ব্যাংকগুলো খালি করে দিয়েছে।

তিনি আরও বলেন, শুধু ওষুধ দিয়ে মানুষকে ভালো করা যাবে না, আমাদের নিজেদের ও সচেতন হতে হবে। সবচাইতে বেশি কার্যকরী ওষুধ মায়ের দুধ। মায়ের দুধ পান করলে বাচ্চার বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব। অনেক মায়েরা বিভিন্ন কারণে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করান না। মায়ের দুধ পান করলে বিভিন্ন রোগব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব।

Advertisement

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা। অতীত সরকারগুলোর ব্যর্থতার কারণে আমরা ভীত হয়ে পড়েছিলাম। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা জরুরি টিকাদান কর্মসূচি শুরু করতে পেরেছি। বিগত ফ্যাসিস্ট সরকার ব্যাংকগুলো খালি করে রেখে গেছে। আমাদের ফান্ডের দুর্বলতা সত্ত্বেও আমরা পরিস্থিতি সামাল দিতে পেরেছি।

এ সময় রূপগঞ্জের এমপি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর আবেদনের প্রেক্ষিতে আগামী বাজেটে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নতি করার ঘোষণা দেন মন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব কমিশন মেগান বলডিন, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটিভ এম্মানিউলি এবরিউক্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটিভ ডা. রাজেশ নরওয়ে।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান রুপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

গত ৫ এপ্রিল প্রথম ধাপে শুরু হওয়া কর্মসূচি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি ১২ মে পর্যন্ত চলবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে।

গত ৫ এপ্রিল দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়। দ্বিতীয় দফায় গত ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর-দক্ষিণসহ গুরুত্বপূর্ণ ৪টি সিটি করপোরেশনে (ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহ) একযোগে এই কার্যক্রম শুরু করে সরকার।

সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।

নাজমুল হুদা/এমএন/এমএস