দেশজুড়ে

গাবতলীতে খাল খননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে সরকারের চলমান কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

Advertisement

সোমবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকারি ঘোষিত ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কার্যক্রমের আওতায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়। স্থানীয় পর্যায়ে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনই এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানটি বাগবাড়ীর নশিপুর এলাকায় আয়োজন করা হয়। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে খাল খননের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করা হয়।

Advertisement

প্রধান অতিথির বক্তব্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রাকৃতিক জলাধার সংরক্ষণ ও পুনরুদ্ধারের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত খাল, নদী ও জলাধার পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়বে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

স্থানীয় বাসিন্দারা জানান, চৌকিরদহ খাল দীর্ঘদিন ধরে ভরাট ও অব্যবহৃত অবস্থায় ছিল। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও শুষ্ক মৌসুমে সেচ সংকট তৈরি হতো। খাল খনন শুরু হওয়ায় তারা আশাবাদী যে এলাকার পানি ব্যবস্থাপনায় স্থায়ী সমাধান আসবে।

অনুষ্ঠানস্থলে সকাল থেকেই স্থানীয়দের ভিড় লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ছোট-বড় খাল পুনঃখনন গ্রামীণ পরিবেশ পুনরুদ্ধার, ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা এবং কৃষি উৎপাদন স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এসব প্রকল্পের টেকসই বাস্তবায়নের জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ ও স্থানীয় অংশগ্রহণ জরুরি।

Advertisement

নশিপুরে এই খাল খনন কার্যক্রমকে স্থানীয়রা একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। এখন তাদের প্রত্যাশা, প্রকল্পটি যেন শুধু উদ্বোধনে সীমাবদ্ধ না থেকে বাস্তব সুফল নিয়ে আসে মাঠপর্যায়ে।

এমএন/এএসএম