ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনের ঠিক একদিন আগে রাজস্থানের একটি তেল শোধনাগারসহ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার (২০ এপ্রিল) রাজস্থানের বালতোরার জেলায় অবস্থিত ওই শোধনাগারে এই দুর্ঘটনা ঘটে।
Advertisement
যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে আগুনটি রিফাইনারি কমপ্লেক্সের ভেতরেই লেগেছে। এই রিফাইনারিটি পরিচালনা করে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানি হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (এইচপিসিএল)।
এ ঘটনায় মন্তব্য জানতে এইচপিসিএলের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে দ্য হিন্দু। আরও তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, সোমবার (২০ এপ্রিল) রিফাইনারি ও সরকারের কর্মকর্তাদের যে প্রেস ব্রিফিং হওয়ার কথা ছিল, সেটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
Advertisement
এইচপিসিএল রাজস্থান রিফাইনারি লিমিটেড (এইচআরআরএল) এর এই প্রকল্পটি বালতোরায় অবস্থিত একটি গ্রিনফিল্ড রিফাইনারি-কাম-পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। এর মোট উৎপাদন সক্ষমতা বছরে ৯ মিলিয়ন বা ৯০ লাখ মেট্রিক টন (এমএমটিপিএ), যার মধ্যে ২.৪ এমএমটিপিএ পেট্রোকেমিক্যাল উৎপাদনের জন্য নির্ধারিত।
এই প্রকল্পটি ৭৯ হাজার ৪৫৯ কোটি রুপির একটি যৌথ উদ্যোগ, যা এইচপিসিএল ও রাজস্থান সরকারের মধ্যে গড়ে উঠেছে। এতে রাজস্থান সরকারের অংশীদারিত্ব ২৬ শতাংশ।
সূত্র: দ্য হিন্দু
এসএএইচ
Advertisement