দেশজুড়ে

পরীক্ষাকেন্দ্রে গিয়ে ফেসবুক লাইভ করলেন এমপি

কুমিল্লার হোমনায় এসএসসি পরীক্ষার প্রথম দিনেই নির্দেশ অমান্য করে কেন্দ্রে প্রবেশ করে ফেসবুকে লাইভ করেছেন কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

Advertisement

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে পরীক্ষা শুরুর পর তিনি হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করেন। এক পর্যায়ে ১০টা ১০ মিনিটে টানা ৮ মিনিট ৫৬ সেকেন্ড তার ব্যক্তিগত ফেসবুক আইডি ‘অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি’ থেকে লাইভ সম্প্রচার করেন।

লাইভ সম্প্রচারে দেখা যায়, সংসদ সদস্য সেলিম ভূঁইয়া হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিঁড়ি বেয়ে দোতলায় উঠছেন। পরে পরীক্ষার হলের একটি কক্ষের সামনে দাঁড়িয়ে শিক্ষক এবং পরীক্ষার্থীদের অঙ্গভঙ্গিতে নির্দেশনা দিচ্ছেন। সেখান থেকে বেরিয়ে সামনের কক্ষের দিকে যাচ্ছেন। এরপর আরও একটি কক্ষে সেলিম ভূঁইয়া প্রবেশ করে সামনের বেঞ্চে বসা এক শিক্ষার্থীর কাছে চলে যান। এসময় তাকে প্রশ্ন করতে শোনা যায় প্রশ্ন সহজ হয়েছে নাকি? কিছুক্ষণ পর সেই কক্ষ থেকে বের হয়ে অন্য একটি কক্ষের দিকে যেতে থাকলে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এসে সালাম দিয়ে ‘আমি প্রধান শিক্ষক’ বলতে শুনা যায়। এসময় সংসদ সদস্য সেলিম ভূঁইয়া তাকে ‘আপনি আপনার কাজ করেন’ বলে তাকে চলে যেতে হাতে ইশারা দেন।

কিছুক্ষণ পর আরেকটি কক্ষে প্রবেশ করে সোজা কক্ষের মাঝ বরাবর চলে যান। সেখানে পরীক্ষারত শিক্ষার্থীদের পরীক্ষা কেমন হয়েছে বলে প্রশ্ন করেন। এভাবে ৮ মিনিট ৫৬ সেকেন্ড লাইভে সংযুক্ত থাকতে দেখা গেছে সংসদ সদস্যকে।

Advertisement

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থীর অভিভাবক বলেন, পরীক্ষার হলে মোবাইলে লাইভ সম্প্রচার করা আইনত অপরাধ। তিনি একজন আইনপ্রণেতা হয়েও আইন ভঙ্গ করেছেন। ছাত্র-ছাত্রীদের মনোযোগ বিঘ্ন হয়েছে। আগামীতে পরীক্ষার হলে যেন কোনো জনপ্রতিনিধি প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

পরীক্ষা চলাকালীন এমন কর্মকাণ্ড শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত নীতিমালার পরিপন্থি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে অনুমতিবিহীন প্রবেশ এবং মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

এ বিষয়ে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন বলেন, পরীক্ষার হলে ডিজিটাল ডিভাইজ সম্পূর্ণ নিষিদ্ধ। লাইভ সম্প্রচার হয়েছে কি না আমার জানা নেই। আপনার মাধ্যমে জেনেছি। যদি কেউ এমন করে থাকে আমরা বিষয়টি কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) জানাবো। তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ বলেন, নির্দিষ্ট শিক্ষক ও কেন্দ্র সচিব ছাড়া ভেতরে কেউ প্রবেশ করার নিয়ম নেই। সেক্ষেত্রে তাদেরকেও এনালগ ডিভাইস ব্যাবহার করতে হবে। কোনো ডিজিটাল মেশিন কিংবা ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। এমনকি কেন্দ্র সচিবও কোনো ডিজিটাল ডিভাইস ব্যাবহার করতে পারবে না।

Advertisement

কুমিল্লা-২ সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, পরীক্ষার হল ঠিকমতো চলছে কি না সেটাও দেখা আমাদের দায়িত্ব। তাছাড়া এসএসসি পরীক্ষার্থীদের খোঁজ নিতে কেন্দ্রে গিয়েছিলাম।

সরাসরি লাইভ সম্প্রচারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরীক্ষা যে ঠিকমতো চলতেছে তা অভিভাবকদের দেখানোর জন্য। এতে সমস্যা কিসের?

উল্লেখ্য, গত ১২ এপ্রিল রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ঢাকা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার হল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্যরা (এমপি) যেতে পারবেন না। মন্ত্রীর নির্দেশনার পরও সংসদ সদস্য সেলিম ভূঁইয়া পরীক্ষার হল পরিদর্শন করেছেন এবং ফেসবুক লাইভে পরিদর্শনের ভিডিও চিত্র সম্প্রচার করেছেন।

জাহিদ পাটোয়ারী/এফএ/এএসএম