চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হওয়া এ পরীক্ষার প্রথমদিনে দুই জেলায় চারটি কেন্দ্রে আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
Advertisement
তিনি শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান। তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। তিনি ঢাকার অদূরে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয়, আমিনবাজারের মীরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকার পাইকপাড়ার মডেল একাডেমি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন।
আরও পড়ুনসহজ প্রশ্ন, পরীক্ষা শেষে উৎফুল্ল এসএসসি পরীক্ষার্থীরা
Advertisement
এসময় তিনি শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষা কেন্দ্রগুলোয় স্থাপিত কন্ট্রোল রুম থেকে সিসিটিভির মাধ্যমে পরীক্ষার হলগুলোর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের কাছে মন্ত্রী এক প্রতিক্রিয়ায় বলেন, অত্যন্ত সুষ্ঠু ও আনন্দময় পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষার্থীদের যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সেজন্য ঢাকা মেট্রোপলিটন এলাকার পরীক্ষা কেন্দ্রগুলো সকাল সাড়ে ৮টার মধ্যে খোলার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে কেন্দ্রগুলোতে সিসি টিভির ব্যবস্থা করা হয়েছে।
মন্ত্রী শিক্ষার্থীদের নির্ভয়ে ও আনন্দের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেন। এছাড়া অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের আশপাশে অযথা ভিড় না করার অনুরোধ করেন। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
Advertisement
এএএইচ/এমকেআর