চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় অভিযান চালিয়ে দিদারুল আলম মাসুম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-পশ্চিম)। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাহেদ ওরফে পিচ্চি নামে তার এক সহযোগীর ঘর থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়।
Advertisement
সোমবার (২০ এপ্রিল) দিনগত মধ্যরাতে খুলশী থানার লালখান বাজার এলাকা থেকে মাসুমকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। পরে ডিবি-পশ্চিমের একটি দল রাত সাড়ে ৩টার দিকে সেখানে অভিযান চালিয়ে মাসুমকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম জানান, এক মাস আগে তার সহযোগী সাহেদ ওরফে পিচ্চির সহায়তায় অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে রিভলবার ও গুলি সংগ্রহ করেছিলেন। পরে অস্ত্রটি লুকিয়ে রাখার জন্য তিনি সহযোগীর কাছে দেন।
Advertisement
মাসুমের দেওয়া তথ্যের ভিত্তিতে লালখান বাজারের টাংকির পাহাড় এলাকার গাজী কালু মাজার সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সহযোগী সাহেদ পালিয়ে যান। পরে তার ঘর থেকে একটি লাল রঙের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় বিদেশি রিভলবার ও পাঁচটি তাজা গুলি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, আটক ব্যক্তিকে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে। তার ও পলাতক সহযোগীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।
এমআরএএইচ/এমকেআর
Advertisement