তৈরি পোশাক রপ্তানি কার্যক্রম দ্রুত ও সহজতর করার আশ্বাস দিয়েছে চট্টগ্রাম কাস্টমস, আইসিডি কাস্টমস এবং কাস্টমস বন্ড কমিশনারেট। সোমবার (২০ এপ্রিল) তৈরি পোশাক রপ্তানিকারক মালিকদের সংগঠন বিজিএমইএ’র প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তাদের এ আশ্বাস দেওয়া হয়।
Advertisement
বিজিএমইএ নেতারা রপ্তানি কার্যক্রম দ্রুত ও সহজতর করতে কাস্টমস সেবার আধুনিকায়ন, সমন্বয় জোরদার এবং প্রক্রিয়া সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা ওইদিন চট্টগ্রামে আইসিডি কাস্টমস হাউজের কমিশনার আবু বাশার মো. শফিকুর রহমান, চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন এবং কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার জাকির হোসেনের সঙ্গে পৃথক মতবিনিময় করেন।
মতবিনিময়কালে বিজিএমইএর ভারপ্রাপ্ত প্রথম সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ, এমডিএম মহিউদ্দিন চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী, সাবেক পরিচালক অঞ্জন শেখর দাশ উপস্থিত ছিলেন।
বিজিএমইএ নেতারা নবসৃষ্ট কাস্টমস হাউজ চালু হওয়ার ফলে আইসিডি পর্যায়ে ব্যবসা কার্যক্রম আরও সহজতর হবে এবং কাস্টমস কর্তৃপক্ষের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে বিজিএমইএ ও বিকডার সমন্বয়ে কার্যক্রম পরিচালনা করা গেলে রপ্তানি কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন। তারা বলেন, আইসিডি পর্যায়ে সরাসরি কাস্টমস ক্লিয়ারেন্স সম্পন্ন করা যাবে, যা সময় ও ব্যয় উভয়ই সাশ্রয় করবে এবং প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।
Advertisement
বিজিএমইএর ভারপ্রাপ্ত প্রথম সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী বলেন, আইসিডি কার্যক্রমের পূর্ণাঙ্গ বাস্তবায়ন রপ্তানি প্রক্রিয়াকে আরও সহজতর করবে এবং শিল্পখাতের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিচালক ফয়সাল সামাদ বলেন, দীর্ঘদিন ধরে আইসিডি পর্যায়ে কাস্টমস কার্যক্রমের সীমাবদ্ধতার কারণে রপ্তানি ও আমদানি প্রক্রিয়ায় বিলম্ব, অতিরিক্ত খরচ এবং জটিলতা সৃষ্টি হচ্ছিল। কাস্টমস হাউজ চালু হওয়ার ফলে এসব সমস্যার উল্লেখযোগ্য সমাধান সম্ভব হবে।
তিনি আইসিডি নীতিমালা সংশোধন করে কার্যকর ও শিল্পবান্ধব নীতিমালা প্রণয়ণের লক্ষ্যে বিকডাসহ সব সংশ্লিষ্ট স্টেকহোল্ডারের সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব করেন।
আইসিডি কাস্টমসের কমিশনার আবু বাশার মো. শফিকুর রহমান বলেন, আইসিডি নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি অনুমোদিত হলে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে। ১ জুন থেকে আইসিডি কোড-৩০৬ চালুর বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে অবহিত করা হবে বলে তিনি বিজিএমইএ নেতাদের জানান।
Advertisement
কাস্টমস কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন বলেন, কাস্টমস হাউজ থেকে আইসিডি কার্যক্রম পৃথক হওয়ায় আমদানি ও রপ্তানি কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে।
বন্ড ও বিজিএমইএর মধ্যে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে যে কোনো উদ্ভূত সমস্যা দ্রুত সমাধান করে রপ্তানি কার্যক্রম সহজীকরণে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে বলে জানান বন্ড কমিশনার জাকির হোসেন।
এমডিআইএইচ/এমকেআর