বিনোদন

মস্কো যেতে পারেননি ‘কিং’, বললেন, আক্ষেপ নেই

‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অরবিন্দ মজুমদার। প্রবীন এই যাত্রাশিল্পী হাজির হতে পারেননি মস্কো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। নিজের অভিনীত সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার সফলভাবে সম্পন্ন হয়েছে জেনেই খুশি এই শিল্পী।

Advertisement

গত ১৬ এপ্রিল রাশিয়ায় শুরু হয়েছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের আর্টকোর বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে আসিফ ইসলাম পরিচালিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। এতে তুলে ধরা হয়েছে বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালার গল্প। সেখানে অভিনয় করেছেন মহাশংকর অপেরার একদল যাত্রাশিল্পী।

সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে যাত্রাশিল্পী অরবিন্দ মজুমদার জাগো নিউজকে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে সুধীমহলের সামনে অভিনয় করেছি। সিনেমায় অভিনয় আমার কাছে নতুন একটা ব্যাপার। সিনেমার প্রযোজক, পরিচালক ওয়ার্ল্ড প্রিমিয়ারে মস্কো যাওয়ার আমন্ত্রণ করেছিলেন। কিন্তু শারীরিক অবস্থা বিবেচনা করে সেটা সম্ভব হয়নি। এ নিয়ে কোনো আক্ষেপ নেই। কিন্তু ছবিটা দেখার ইচ্ছা আছে।’

দীপালি অপেরার কিংবদন্তি পরিচালক ধীরেন্দ্র কুমার বাগচীর পরিচালনায় প্রথম যাত্রায় কাজের সুযোগ পান অরবিন্দ মজুমদার। ১৯৭২ সালে শিশুশিল্পী হিসেবে এই জগতে পা রাখেন তিনি। তার প্রথম যাত্রাপালা ছিল ‘ডাকিনীর চর’, যা ছিল বাংলার প্রাচীন লোকনাট্যের প্রতি তার আজীবন নিবেদনের সূচনা। মাত্র পাঁচ বছরের মধ্যে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ আসে এই মেধাবী অভিনয়শিল্পীর। পরের কয়েক দশকে তিনি যাত্রামঞ্চের পরিচিত ও শ্রদ্ধেয় মুখ হয়ে ওঠেন।

Advertisement

২০১০ সালের পর থেকে ধীরে ধীরে যাত্রাশিল্পে নেমে আসে অবক্ষয়। ফলে অরবিন্দকে মঞ্চ থেকে সরে আসতে হয়। জীবিকা নির্বাহের জন্য তিনি কৃষিকাজে মন দেন। জাগো নিউজকে তিনি বলেন, ‘এখন আর যাত্রায় নিয়মিত অভিনয় করি না। একটা ব্যবসা করছি। মাঝে মাঝে বিশেষ কোনো ডাক এলে মঞ্চে উঠি।’

অরবিন্দ মজুমদার ছাড়াও ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ ছবিতে অভিনয় করেছেন যাত্রাপালার একঝাঁক শিল্পী ও আশনা হাবিব ভাবনা। ১৮ এপ্রিল উৎসবের অক্টোবর সেন্টারের সাত নম্বর মিলনায়তনে ছিল ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার। আজ ২১ এপ্রিল রাত ৯টায় অক্টোবর সেন্টারের ১১ নম্বর মিলনায়তনে ছবির দ্বিতীয় প্রদর্শনীর সময় নির্ধারিত রয়েছে।

আরও পড়ুন: বাংলার ‘যাত্রাপালা’ মস্কোয় প্রশংসিতমস্কোর সিনেমা উৎসবে যাত্রাশিল্পীদের নিয়ে যাচ্ছেন আসিফ ভাবনা যখন যাত্রার ‘নায়িকা’

উৎসবযাত্রা শেষে ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ বাংলাদেশে অবমুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান সিনেমার প্রযোজক জান্নাতুল বাকের খান ও পরিচালক আসিফ ইসলাম। জাগো নিউজকে আসিফ ইসলাম বলেন, ‘যাত্রার মতো একটা শিল্প নিয়ে বানানো সিনেমা উৎসবের দর্শকদের হৃদয় স্পর্শ করেছে দেখে ভালো লাগলো। অরবিন্দু দার কাছে আমাদের কৃতজ্ঞতার সীমা নেই।’আরএমডি

Advertisement