খেলাধুলা

জিসানের টানা ৫১ ডট! সেঞ্চুরির অপেক্ষায় রনি

ব্যাট হাতে ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই আলো ছড়াচ্ছেন আবু হায়দার রনি। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের সংস্করণের উদ্বোধনী ম্যাচে আবারও ব্যাট হাতে চমক দেখালেন তিনি। সেঞ্চুরির খুব কাছাকাছি থেকেই প্রথম দিন শেষ করেছেন মধ্যাঞ্চলের এই ক্রিকেটার।

Advertisement

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দিনের খেলা শেষে ৬ উইকেটে ২৭২ রান তুলেছে মধ্যাঞ্চল। ইনিংসের বড় ভরসা হয়ে ওঠেন আবু হায়দার রনি। ১১০ বলে ৯০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন তিনি। তার সঙ্গে দারুণ জুটি গড়েছেন আশিকুর রহমান শিবলি। ষষ্ঠ উইকেটে দুজন মিলে যোগ করেন ১৪৭ রান। শিবলিও দিন শেষ করেছেন অপরাজিত আছেন ১৫১ বলে করেছেন ৭৫ রানে। দ্বিতীয় দিনে দুজনের সামনেই সেঞ্চুরির সম্ভাবনা রয়েছে।

এর আগে ওপেনার সাদমান ইসলাম অনিক খেলেছেন ১১৪ বলে ৫৬ রানের ইনিংস। অন্যদিকে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত জিসান আলম খেলেছেন একেবারে ভিন্ন ধাঁচের ইনিংস। ৮০ বল মোকাবিলা করে করেছেন ১৪ রান। নিজের প্রথম রান পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে ৫২ বল পর্যন্ত।

পূর্বাঞ্চলের হয়ে বল হাতে দুটি করে উইকেট নিয়েছেন ইবাদত হোসেন চৌধুরী ও তোফায়েল আহমেদ।

Advertisement

সিলেট একাডেমি মাঠে অন্য ম্যাচে ব্যাটিং করে দক্ষিণাঞ্চল। পুরো দল অলআউট হয়েছে ৩১৪ রানে। তবে অবাক করা বিষয়, অধিনায়ক মোহাম্মদ মিঠুন ছাড়া দলের আর কেউ অর্ধশতক করতে পারেননি। মিঠুন ৭৩ বলে করেন ৫৩ রান।

এসকেডি/এমএমআর