দেশজুড়ে

রাজশাহী-ঢাকা রুটে টানা দুদিন বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে রাজশাহী-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাজশাহীর কোনো কাউন্টার থেকেই ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি।

Advertisement

রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বাস চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আকস্মিক এ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। জরুরি কাজে ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি সবচেয়ে বেশি বলে জানা গেছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে যাত্রা করতে না পেরে অনেকেই বিপাকে পড়েছেন। দ্রুত এ সমস্যার সমাধান দাবি করেছেন তারা।

ভুক্তভোগী যাত্রী রফিকুল ইসলাম বলেন, আমি জরুরি কাজে ঢাকায় যাওয়ার জন্য সকালে কাউন্টারে এসে দেখি কোনো বাসই চলছে না। আগে থেকে জানালে বিকল্প ব্যবস্থা নিতে পারতাম।

Advertisement

আরেক যাত্রী শারমিন আক্তার বলেন, হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় খুব সমস্যায় পড়েছি। ছোট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছি, কোথাও যাওয়ার উপায় নেই।

শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, পরীক্ষার জন্য ঢাকায় যেতে হবে। কিন্তু বাস বন্ধ থাকায় কীভাবে যাবো বুঝতে পারছি না। এটা আমাদের জন্য বড় সমস্যার হয়ে দাঁড়িয়েছে।

বাস মালিক সমিতির নেতারা জানান, রাজশাহী ও নাটোরের বাস মালিকদের মধ্যে চলমান দ্বন্দ্বের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে কবে নাগাদ এ সংকটের সমাধান হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, বাস চলাচল স্বাভাবিক রাখতে আমরা প্রশাসনের সঙ্গে বসেছি। তারা দ্রুত এ সমস্যার সমাধান দিবে সেই আশায় আছি। আজ বিকেলের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে।

Advertisement

এনএইচআর/জেআইএম