ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিতের পর দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।
Advertisement
এর আগে গতকাল মঙ্গলবার সংরক্ষিত নারী আসনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দিন খান সাংবাদিকদের বলেন, যদি কোনো প্রার্থী নির্ধারিত সময়ের পরে মনোনয়ন ফরম জমা দিয়ে থাকে তবে তা আমলে নেওয়ার সুযোগ নেই।
সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। এই নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত। তবে নির্ধারিত সময় পার হওয়ার ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম। ফলে মনোনয়নপত্রটি গ্রহণ করেনি ইসি।
বুধবার (২২ এপ্রিল) নিবাচন কমিশন ও এনসিপি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে৷
Advertisement
আরও পড়ুনমনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত
গতকাল মঙ্গলবার ইসি ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নুসরাত তাবাসসুম উপস্থিত থাকলেও বিলম্বে জমা দেওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
পরে এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত সাংবাদিকদের জানান, নুসরাত তাবাসসুমের মনোনয়ন জমা দিয়েছি, আমরা একটি রিসিভ কপি নিয়েছি। সেখানে অবশ্য ‘১৯ মিনিট বিলম্বে গ্রহণ করা হলো’ উল্লেখ করা হয়েছে।
এর আগে সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যপ্রমাণ না পাওয়ায় এনসিপির যুগ্ম-আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করে ইসি। তাকে সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দেওয়ার জন্য আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
Advertisement
গণপ্রতিনিধিত্ব আদেশে ১৯৭২ (আরপিও)-এ প্রার্থীর অযোগ্যতা প্রসঙ্গে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের ১২(১)(চ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচতি হওয়ার অযোগ্য হবেন; যদি তিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসর নিয়েছেন এবং এই পদত্যাগ ও অবসরগ্রহণ যদি তিন বছর অতিবাহিত না হয়।
মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা হিসেবে যোগ দেন। গত বছরের ডিসেম্বরে তিনি চাকরি ছাড়েন। অর্থাৎ, চাকরি ছাড়ার চার মাস পেরিয়েছে তার।
এনএস/এমকেআর