ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বহুবর্ষীয় আর্থিক কাঠামোতে সংশোধনী বিল অনুমোদন করা হয়েছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের কোরপার II ফরম্যাটের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Advertisement
এই সংশোধনীগুলো মূলত ইউক্রেনকে দেওয়ার জন্য পরিকল্পিত ৯০ বিলিয়ন ইউরো ঋণ চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় আইনি নথির অংশ। একই সঙ্গে এ বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের ২০তম নিষেধাজ্ঞা প্যাকেজও অনুমোদিত হয়েছে।
এসব তথ্য ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের সাইপ্রাস প্রেসিডেন্সির একজন মুখপাত্র জানিয়েছেন বলে বুধবার (২২ এপ্রিল) সংবাদ প্রকাশ করেছে ইউক্রেনের বার্তা সংস্থা ইউক্রেনিফর্ম।
মুখপাত্র বলেন, ইউক্রেনের জন্য ৯০ বিলিয়ন ইউরো ঋণ এবং রাশিয়ার বিরুদ্ধে ২০তম নিষেধাজ্ঞা প্যাকেজ- উভয়ই ইইউ রাষ্ট্রদূতদের এজেন্ডায় অন্তর্ভুক্ত ছিল এবং কোরপার পর্যায়ে অনুমোদিত হয়েছে।
Advertisement
তিনি আরও জানান, এখন এই দুই সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদনের জন্য ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলে লিখিত প্রক্রিয়ার মাধ্যমে পাঠানো হবে।
মুখপাত্রের মতে, এই লিখিত অনুমোদন প্রক্রিয়া আগামীকাল বিকেলের মধ্যে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সাইপ্রাসের ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল প্রেসিডেন্সি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে যাতে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে শক্তিশালী সমর্থন দিতে পারে এবং রাশিয়ার ওপর চাপ বজায় রাখতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সাইবিহা জানিয়েছেন, দ্রুজবা তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু হওয়ার মাধ্যমে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের ৯০ বিলিয়ন ইউরো ঋণ প্রদানের পথে থাকা সব বাধা দূর করেছে।
Advertisement
কেএম