শিক্ষা

বাংলা দ্বিতীয়পত্রেও গোপনে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয়দিন বৃহস্পতিবার (২৩ এপ্রিল)। এদিন দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিনও শিক্ষামন্ত্রী আকস্মিক ঢাকা বা বাইরের বিভিন্ন জেলায় আকস্মিক কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সূত্র।

Advertisement

সময়সূচি অনুযায়ী- সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর ১টা পর্যন্ত। সারাদেশের ২ হাজার ৪৯০টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে৷ এতে অংশ নেবে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী।

একই দিনে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি প্রথমপত্র পরীক্ষা নেওয়া হবে। এতে সারাদেশের ৭৪২ কেন্দ্রে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন পরীক্ষার্থী অংশ নেবে।

Advertisement

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও এসএসসির (দাখিল) ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা হবে। সারা দেশের ৬৫৩টি কেন্দ্রে পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিলের আরবি প্রথমপত্র এবং কারিগরি বোর্ডের ইংরেজি-২ বিষয়ের পরীক্ষাও সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এদিকে, পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হবে। সাড়ে ৯টার মধ্যে সবাইকে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর আর কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

গত ২১ এপ্রিল থেকে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে৷ প্রথমদিনে এসএসসির বাংলা প্রথমপত্র; দাখিলের কুরআন মাজিদ ও তাজভীদ এবং কারিগরি বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও এসএসসি (দাখিল) বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

এবার প্রথমদিনে কড়াকড়ির মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন সারা দেশে ২৫ হাজারেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া একজন কেন্দ্র পরিদর্শকসহ সাতজনকে বহিষ্কার করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলো জানিয়েছে, প্রথমদিনের মতো দ্বিতীয়দিনেও কড়াকড়ি বহাল থাকবে। প্রশ্নফাঁস, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুজব, নকল, ডিভাইস ব্যবহার করে জালিয়াতি ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঢাকা কিংবা বাইরের বিভিন্ন জেলা অথবা উপজেলা পর্যায়ে কেন্দ্র পরিদর্শন করতে পারেন। তিনি পুলিশের প্রটোকল, গাড়িতে জাতীয় পতাকা এবং কোনো সফরসঙ্গী ছাড়াই আকস্মিক এসএসসির কেন্দ্র পরিদর্শন করবেন। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় থেকে দেশের সব পরীক্ষার কেন্দ্র সিসিটিভি ক্যামেরায় মনিটরিং করা হবে।

এএএইচ/এমকেআর