দেশজুড়ে

গাইবান্ধায় ৪২৫ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

গাইবান্ধায় অবৈধভাবে পরিবহনের সময় ৪২৫ লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এক ব্যবসায়ীকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার কাঠপট্টি এলাকা থেকে এ জ্বালানি জব্দ করা হয়।

Advertisement

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলার ফুলছড়ির গজারিয়া এলাকায় অটোভ্যানে করে ডিজেল অন্যত্র নিয়ে যাওয়ার সময় সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে অটোভ্যানসহ মানিক রায় চৌধুরী ও তার ছেলেকে আটক করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবুর নেতৃত্বে পরিচালিত অভিযান পরিচালনা করা হয়।

মো. জাহাঙ্গীর আলম বাবু বলেন, বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে এসব ডিজেল পরিবহন করা হচ্ছিল। পরে জব্দ করা তেল উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মানিক রায় চৌধুরীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ডিজেল চরাঞ্চল ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিক্রয় করা হবে এবং অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

অন্যদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে মজুত রেখে পেট্রোল বিক্রির অপরাধে আব্দুর রহিম নামের এক ব্যবসায়ীর ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

আনোয়ার আল শামীম/এনএইচআর/জেআইএম