খেলাধুলা

কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর বেশ কয়েক বছর পার হয়ে গেলেও বড় কোনো শিরোপা জিততে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এবার নাসরের হয়ে শিরোপার স্বপ্ন এখন আরও বাস্তব হয়ে উঠেছে রোনালদোর জন্য। সৌদি আরবে যোগ দেওয়ার পর বড় কোনো ট্রফির অপেক্ষায় থাকা এই পর্তুগিজ মহাতারকা এবার সেই আক্ষেপ ঘোচানোর খুব কাছাকাছি পৌঁছে গেছেন, কারণ তার দল জায়গা করে নিয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু এর ফাইনালে।

Advertisement

বুধবার সেমিফাইনালে কাতারের আল আহলিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে দাপুটে জয় তুলে নেয় আল নাসর। এই জয়ের মাধ্যমে তারা ফাইনালে উঠেছে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে জাপানের গাম্বা ওসাকা। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ মে, রিয়াদে।

দুবাইয়ের জাবিল স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনারে আল আহলির বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করেন কিংসলে কোম্যান। তবে প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়েছিল আল নাসর। আল আহলির হয়ে সেকু ওমার ইয়ানসেন ১০ম মিনিটে প্রথম গোল করেন।

এরপর আল নাসরের ফ্রেঞ্চ তারকা কোম্যান ১২তম মিনিটে গোলের সূচনা করেন। আল নাসরকে সমতায় ফেরান তিনি। এরপর ২৩তম মিনিটে গোল করে প্রথম আল নাসরকে এগিয়ে দেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। ৪৫+৭ মিনিটে দ্বিতীয় গোল করেন কিংসলে কোম্যান এবং ৬৩ম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। ম্যাচের ৮০তম মিনিটে পঞ্চম গোল করেন আবদুল্লাহ হামদান।

Advertisement

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড লিখেছেন, ‘দলের জন্য গর্বিত। ফাইনাল আমাদের অপেক্ষায়!’- যা তার শিরোপা জয়ের প্রবল আকাঙ্ক্ষারই প্রতিফলন।

দলের কোচ হোর্হে হেসুসও ছিলেন ভীষণ সন্তুষ্ট। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার খেলোয়াড়দের অভিনন্দন। আমরা আমাদের লক্ষ্য পূরণ করেছি- ফাইনালে পৌঁছেছি। এই ম্যাচে আমরা অসাধারণ মানের ফুটবল খেলেছি। খেলোয়াড়রা দারুণ ছন্দে আছে। প্রতি তিনদিন পরপর ম্যাচ খেলে এমন পারফরম্যান্স দেখাতে হলে শারীরিক সক্ষমতা খুবই ভালো হতে হয়।’

ফাইনালে সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে কোচ হেসুস বাস্তববাদী উত্তর দেন, ‘ফাইনালে দুই দল থাকবে, একজনকে হারতেই হবে। সেখানে পৌঁছানোই সবচেয়ে কঠিন ছিল- আমরা সেটা করেছি। এখন যে কোনো কিছুই সম্ভব।’

এদিকে আল নাসরের সামনে আরও একটি শিরোপা জয়ের সুযোগ রয়েছে। সৌদি প্রো লিগে তারা বর্তমানে শীর্ষে অবস্থান করছে এবং দ্বিতীয় স্থানে থাকা আল হিলাল-এর থেকে ৮ পয়েন্ট এগিয়ে আছে, যদিও আল হিলালের একটি ম্যাচ কম খেলেছে। লিগে বাকি আছে মাত্র পাঁচটি ম্যাচ।

Advertisement

রোনালদোর ব্যক্তিগত পারফরম্যান্সও চোখে পড়ার মতো। চলতি মৌসুমে তিনি লিগে করেছেন ২৪টি গোল, যা লিগের সর্বোচ্চ গোলদাতা ইভান তোনির চেয়ে মাত্র তিনটি কম। এছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ক্যারিয়ারের ১০০০ গোলের মাইলফলক থেকে মাত্র ৩১ গোল দূরে অবস্থান করছেন।

আল নাসর বর্তমানে লিগে টানা ১৪ ম্যাচে জয় পেয়েছে, যা তাদের আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আগামী ২৯ এপ্রিল নিজেদের মাঠে আবারও আল আহলির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে তারা।

সবকিছু মিলিয়ে বলা যায়, রোনালদোর জন্য এটি হতে যাচ্ছে একটি স্মরণীয় মৌসুম। একদিকে ক্লাবের হয়ে বড় ট্রফি জয়ের সম্ভাবনা, অন্যদিকে ব্যক্তিগত ক্যারিয়ারের ঐতিহাসিক ১০০০ গোলের মাইলফলক- দুই দিক থেকেই তিনি এখন সময়ের সবচেয়ে আলোচিত ফুটবলারদের একজন।

আইএইচএস/