খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) ঝুমুর বালার বিরুদ্ধে রাষ্ট্রীয় শোক অবজ্ঞা, দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার অপসারণ ও শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়ন।
Advertisement
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফুল ইসলামের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত বছরের ৩১ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটির নির্দেশনা উপেক্ষা করেন ঝুমুর বালা। ওইদিন যথাযথভাবে জাতীয় পতাকা অর্ধনমিত না রেখে এবং কালো পতাকা উত্তোলন না করে অফিস খোলা রাখা হয়। এমনকি শোকের পরিবর্তে প্রীতিভোজের আয়োজন করা হয়। এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করা হয়।
স্মারকলিপিতে আরও বলা হয়, ঝুমুর বালার বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদের অপচয়, জ্বালানি খাতে অতিরিক্ত ব্যয়, ভুয়া বেতন বিলের মাধ্যমে অর্থ আত্মসাৎ, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং প্রতিষ্ঠানের মূল্যবান সম্পদ চুরির ঘটনায় তদন্তে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া, খুলনা ওয়াসার বিভিন্ন প্রকল্পে কোটি কোটি টাকার অনিয়ম ও ভুয়া বিল ভাউচার করে অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তার পূর্ববর্তী কর্মস্থল বাগেরহাট জেলা পরিষদ ও বরিশালের উজিরপুরেও অনিয়মের অভিযোগ রয়েছে।
Advertisement
খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের নেতারা জানান, এর আগে একই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তারা পুনরায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জি.এম আব্দুল গফফার, সহ-সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সহ-সভাপতি নূর করিম, সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ এবং সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিমসহ প্রমুখ।
এ বিষয়ে খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) ঝুমুর বালা জাগো নিউজকে বলেন, স্মারকলিপির বিষয়ে আমি অবগত না। তবে অভিযোগ করতেই পারে। অভিযোগ করলেই তো তা আর সত্য হয় না।
আরিফুর রহমান/কেএইচকে/জেআইএম
Advertisement