কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে মানহানিকর বক্তব্য ও কটূক্তির অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়। সংগঠনটির কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মো. আই-ইয়াশ ইমনের পক্ষে জজ কোর্টের আইনজীবী নুরুল ইসলাম নোটিশটি পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মুফতি আমির হামজার একটি ওয়াজ মাহফিলের ২৬ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয় ফজু পাগলকে বাইরে রাখলে ক্ষতি হবে। ওকে পাবনা পাঠানো দরকার। যারা কিশোরগঞ্জে আছেন, তারা ধরে-বেঁধে ওরে পাবনা পাঠান। দরকার হয় কুকুর মারা ইনজেকশন দিয়ে দেন।’
নোটিশে দাবি করা হয়েছে, একজন বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্যকে ‘পাগল’ আখ্যা দেওয়া এবং ‘কুকুর মারা ইনজেকশন’ দেওয়ার কথা বলা চরম মানহানিকর। এতে বীর মুক্তিযোদ্ধার সম্মান ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি তিনি সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে এই বক্তব্যের সন্তোষজনক জবাব না দিলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
Advertisement
মুফতি আমির হামজার বিরুদ্ধে এটিই প্রথম আইনি নোটিশ নয়। এর আগে কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব এবং ডিসি নিয়োগে ৩০-৫০ কোটি টাকা খরচ হওয়া সংক্রান্ত বক্তব্যের জন্য আরও দুটি পৃথক আইনি নোটিশ পেয়েছেন তিনি। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে জানতে মুফতি আমির হামজার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
আল-মামুন সাগর/কেএইচকে/জেআইএম
Advertisement