হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের বিষয়ে আদেশের জন্য আগামী রোববার (২৬ এপ্রিল) দিন ঠিক করেছেন হাইকোর্ট।
Advertisement
হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই দিন ঠিক করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান।
আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী নিজেই। তিনি বলেন, রিটের বিষয়ে গত সোমবার (২০ এপ্রিল) দিন থাকলেও ওইদিন শুনানি হয়নি। কিন্তু তার একদিন পর গত মঙ্গলবার (২১ এপ্রিল) শুনানি নিয়ে আদেশের জন্যে আগামী রোববার (২৬ এপ্রিল) দিন ঠিক করেছেন হাইকোর্ট।
এর আগে, হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়। একই সঙ্গে সম্প্রতি দেশে হামের কারণে ৪৭ শিশুমৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয় রিটে।
Advertisement
এ বিষয়ে গত ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করা হয়। ওই রিটের প্রাথমিক শুনানি হয়েছে। আদেশের জন্য আগামী রোববার দিন ঠিক করেছেন আদালত।
এর আগে, গত ১ এপ্রিল ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের শিশুদের হামের টিকার ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এই নোটিশ পাঠান।
লিগ্যাল নোটিশে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) বিবাদী করা হয়েছে। লিগ্যাল নোটিশে আইনজীবী একলাছ উদ্দিন উল্লেখ করেন, টিকার অভাবে দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। এছাড়া আক্রান্ত অনেক শিশু হাসপাতালে চিকিৎসাধীন। অথচ এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
নোটিশে পত্রিকায় প্রকাশিত ‘হামে আরও দুই শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে ভর্তি শতাধিক’ শীর্ষক প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টার মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট করা হবে। এরই ধারাবাহিকতায় রিট আবেদন করা হয়।
Advertisement
এফএইচ/এমএমকে