আন্তর্জাতিক

ড্রুজবা পাইপলাইন দিয়ে রাশিয়ার তেল রপ্তানি শুরু

ইউক্রেনীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপের কারণে তিন মাস বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে ড্রুজবা পাইপলাইন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই পাইপলাইনের মাধ্যমে স্লোভাকিয়ায় রাশিয়ার তেল সরবরাহ শুরু হয়েছে।

Advertisement

সিটিকে বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, স্লোভাকিয়ার অর্থমন্ত্রী দেনিশা শাকোভা জানিয়েছেন, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় রাত ২টার পর থেকে দেশে তেল পৌঁছাতে শুরু করে।

চালু হওয়া ড্রুজবা পাইপলাইন দিয়ে স্লোভাকিয়ায় প্রায় ১৩,৫০০ টন তেল সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। টিএএসআর-এর খবরে বলা হয়, এপ্রিল মাসের শেষ নাগাদ মোট ১ লাখ ১৯ হাজার টন তেল সরবরাহের পরিকল্পনা রয়েছে।

এই তেল মূলত ব্রাটিস্লাভায় অবস্থিত স্লোভবাফট রিফাইনারিতে প্রক্রিয়াজাত করা হয়। এখান থেকে উৎপাদিত জ্বালানি মধ্য ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।

Advertisement

বিশেষ করে চেক রিপবালিক স্লোভাকিয়ার এই জ্বালানি আমদানিতে আগ্রহ দেখিয়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী ও শিল্পমন্ত্রী কারেল হাভিলসেক জানিয়েছেন, জার্মানি থেকে সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কার কারণে তারা বিকল্প উৎস হিসেবে স্লোভাকিয়ার সঙ্গে আলোচনা করছে।

গত ২৭ জানুয়ারি ইউক্রেনীয় কর্তৃপক্ষ এই ড্রুজহবা পাইপলাইনের মাধ্যমে হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় তেল সরবরাহ বন্ধ করে দেয়। এর ফলে স্লোভাকিয়া সরকার দেশে জ্বালানি সংকট ঘোষণা করেছিল।

এ পরিস্থিতিতে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো সতর্ক করে বলেছিলেন, পাইপলাইন চালু না হলে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা তিনি আটকে দেবেন।

প্রসঙ্গত, এই ড্রুজবা পাইপলাইন দিয়ে মূলত রাশিয়ার অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) ইউরোপের কয়েকটি দেশে রপ্তানি করা হয়। এই পাইপলাইনটি বিশ্বের অন্যতম বড় স্থলভিত্তিক তেল পরিবহন নেটওয়ার্ক। এটি রাশিয়া থেকে শুরু হয়ে বেলারুশ হয়ে দুইটি শাখায় ভাগ হয়। একটি উত্তর শাখা ও একটি দক্ষিণ শাখা-যা পূর্ব ও মধ্য ইউরোপের বিভিন্ন দেশে তেল সরবরাহ করে।

Advertisement

এর মাধ্যমে ঐতিহাসিকভাবে তেল গেছে বা যায় এমন কিছু দেশ হলো স্লোভাকিয়া, হাঙ্গেরি, চেক রিপাব্লিক, পোল্যান্ড এবং জার্মানি।

কেএম