খেলাধুলা

পিএসএলে ফেরা হচ্ছে না মোস্তাফিজ-রানার

জাতীয় দলের খেলা থাকায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে দেশে ফেরেন নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে আবার পাকিস্তানে ফেরার কথা ছিল দুজনের। তবে ওয়ানডে সিরিজে পাওয়া চোটের কারণে পিএসএলে মোস্তাফিজুর রহমানের অনাপত্তিপত্র বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য নাহিদ রানাও আর পিএসএলে যাচ্ছেন না।

Advertisement

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 'পিএসএলের জন্য নাহিদ রানাকে দলে ছাড়া হবে না। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য তাকে প্রস্তুতির পর্যাপ্ত সময় দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

দেশের বাইরে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে পেশাওয়ার জালমির হয়ে দারুণ পারফর্ম করেছিলেন নাহিদ। চার ম্যাচে নিয়েছিলেন ৭ উইকেট, যেখানে ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৫.৪২। আর লাহোর কালান্দার্সের হয়ে পাঁচ ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান।

কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসের ঠিক আগে ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করায় মাঠে নামতে পারেননি মুস্তাফিজ। দ্বিতীয় ম্যাচেও ছিলেন দলের বাইরে। তবে শেষ ম্যাচে ফিরে দুর্দান্ত বোলিং করে তুলে নেন পাঁচ উইকেট।

Advertisement

ম্যাচের পর বিসিবি জানায়, 'নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষ হওয়ার পর মোস্তাফিজুর রহমানের শারীরিক অবস্থা পর্যালোচনা করেছে দলের মেডিকেল স্টাফ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, তার অবস্থা আরও ভালোভাবে যাচাই করার জন্য অবিলম্বে একটি স্ক্যান করা হবে। এরপর তিনি বিসিবি মেডিকেল টিমের তত্ত্বাবধানে পুনর্বাসন কর্মসূচি শুরু করবেন। এজন্য মোস্তাফিজুরকে পূর্বে দেওয়া অনাপত্তিপত্র প্রত্যাহার করে নিয়েছে বোর্ড। পিএসএলের বাকিটায় তিনি আর খেলতে পারবেন না।'

আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। এবারের সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।

এসকেডি/জেএইচ

Advertisement