ক্যাম্পাস

ডুজা সদস্যদের ওপর হামলার নিন্দা জাতীয় ছাত্রশক্তির

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে সাংবাদিক সমিতির ঘোষিত তিন দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছে সংগঠনটি।

Advertisement

শুক্রবার (২৪ এপ্রিল) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় শাহবাগ থানার ভেতরে ডুজার সদস্যদের ওপর ক্ষমতাসীন দল বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল হামলা চালায়। ঘটনাটিকে “ন্যক্কারজনক” আখ্যা দিয়ে জাতীয় ছাত্রশক্তি বলেছে, এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শাহবাগ থানার ভেতরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকরা ছাত্রদলের হামলার শিকার হন। এতে ডুজার সভাপতি মানজুর হোসেন মাহি ও সাধারণ সম্পাদক লিটন ইসলামসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হন। আহত অন্যদের মধ্যে রয়েছেন নাইমুর রহমান ইমন, খালিদ হাসান, সামশুদ্দৌজা নবাব, মোহাম্মদ ইফতেখার হোসেন সিফাত, হারুন ইসলাম, সৌরভ ইসলাম ও আসাদুজ্জামান খান।

Advertisement

ডুজার সাধারণ সম্পাদক লিটন ইসলাম অভিযোগ করেন, ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী পরিকল্পিতভাবে পুলিশের সামনেই সাংবাদিকদের ওপর হামলা চালায়। তিনি বলেন, এ ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত বহন করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতারও প্রতিফলন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টানা দুই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬ জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন, যা সাংবাদিকতার ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

জাতীয় ছাত্রশক্তি এ ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সংগঠনটি ডুজার তিন দফা দাবির প্রতি সমর্থন জানায়। দাবিগুলো হলো—হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, জড়িত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহিষ্কার করা এবং সারাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা।

সংগঠনটি সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনতিবিলম্বে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

Advertisement

এফএআর/এমএমকে