চট্টগ্রামে এক পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
শুক্রবার (২৪ এপ্রিল) ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ রোড এলাকার বিভিন্ন ভাড়া বাসায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন আপ্রুমং মারমা (২৬), থুয়াইচিং মারমা (২৯), ওথাইইনু মারমা (৩০) ও ওকরাইজা মারমা।
পুলিশ সূত্রে জানা গেছে, এক চাকমা তরুণী (২২) সিইপিজেডের একটি পোশাক কারখানায় চাকরি করেন এবং ব্যারিস্টার কলেজ রোডের ভাড়া বাসায় অন্য নারী শ্রমিকদের সঙ্গে থাকেন। তার পরিচিত এক ব্যক্তি গত ১০ এপ্রিল চিকিৎসার জন্য ফেনী থেকে চট্টগ্রামে এসে ওই বাসায় ওঠেন।
বিষয়টি বাসার আরেক নারী পরিচিত কয়েকজনকে জানান। এতে অভিযুক্তরা ওই তরুণীকে জিজ্ঞাসাবাদের কথা বলে গত ১৯ এপ্রিল রাতে ব্যারিস্টার কলেজ রোডের আরেক বাসায় নিয়ে যান। সেখানে ফেনীর ব্যক্তির সঙ্গে তরুণীর অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে তাকে ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে অভিযুক্তরা তাকে ধর্ষণ করে ঘটনাস্থল থেকে সরে যান।
Advertisement
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইপিজেড থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযান শুরু করে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে। সবাই রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের আদালতে পাঠানো হবে।
এমআরএএইচ/একিউএফ
Advertisement