জাতীয়

জব্বারের বলীখেলা আজ, রিংয়ে নামছেন ১০৮ বলী

চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদীঘি ময়দান প্রতি বৈশাখে যেন রূপ নেয় জনসমুদ্রে। আর সেই জনসমুদ্রের কেন্দ্রে থাকে ঐতিহ্যবাহী আয়োজন- জব্বারের বলীখেলা। বাইরে থেকে দেখলে এটি অনেকটা কুস্তির মতো মনে হলেও, চট্টগ্রামের মানুষের কাছে এটি শুধু শক্তির লড়াই নয় বরং ইতিহাস, সংস্কৃতি ও প্রতিরোধের এক জীবন্ত প্রতীক।

Advertisement

শনিবার (২৫ এপ্রিল) বেলা ৩টায় লালদীঘি ময়দানে শুরু হবে এবারের বলীখেলা।

আয়োজকদের ভাষ্য, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১০৮ জন বলী এবারের আসরে অংশ নিচ্ছেন। দিনশেষে তাদের মধ্য থেকেই একজনের মাথায় উঠবে শ্রেষ্ঠ বলীর মুকুট।

গত বছরের চ্যাম্পিয়ন কুমিল্লার মো. শরীফ ওরফে ‘বাঘা শরীফ’ এবারও অংশ নিচ্ছেন। একই সঙ্গে গতবারের রানারআপ মো. রাশেদ ওরফে রাশেদ বলীর অংশগ্রহণ ঘিরেও দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

Advertisement

১৮৯০-এর দশকের শেষ দিকে এবং আনুষ্ঠানিকভাবে ১৯০৯ সালে ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ব্রিটিশবিরোধী চেতনা থেকে এই বলীখেলার সূচনা করেন। স্থানীয় তরুণদের শারীরিকভাবে প্রস্তুত করতে শুরু হওয়া সেই আয়োজন সময়ের প্রবাহে এখন চট্টগ্রামের অন্যতম সাংস্কৃতিক পরিচয়ে পরিণত হয়েছে।

প্রতি বছর ১২ বৈশাখ অনুষ্ঠিত হওয়া এ বলীখেলা ঘিরে লালদীঘি এলাকায় বসে বৈশাখী মেলা। বলীদের লড়াই দেখতে যেমন মানুষ ভিড় করেন, তেমনি মেলা ঘিরেও জমে ওঠে উৎসব। নগর ছাড়িয়ে দেশের বিভিন্ন এলাকা থেকেও দর্শনার্থীরা আসেন এ আয়োজন উপভোগ করতে।

তবে, শত বছরের এই ঐতিহ্য সব সময় নির্বিঘ্ন ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একবার আয়োজন বন্ধ হয়ে যায়। পরে আবার শুরু হয়। সর্বশেষ করোনা মহামারির সময় টানা দুই বছর বলীখেলা হয়নি। কিন্তু প্রতিবারই বিরতির পর নতুন উদ্যমে ফিরে এসেছে এই আয়োজন।

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও আবদুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল জানান, এবারের মেলা ও বলীখেলাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হয়েছে।

Advertisement

তিনি জানান, আসন্ন এসএসসি পরীক্ষা বিবেচনায় নিয়ে এবার মেলার সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। ২৬ এপ্রিল ভোরের মধ্যেই মেলা শেষ করার সিদ্ধান্ত হয়েছে।

এবারের, বলীখেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

সময়ের সঙ্গে শহরের চেহারা বদলেছে, মানুষের জীবনও পাল্টেছে। কিন্তু লালদীঘির মাটিতে বলীদের লড়াই আজও মানুষকে টানে। সেই টান শুধু খেলার নয়, শিকড়েরও।

এমআরএএইচ/এএমএ