রাজনীতি

খেলাধুলা করলে বুদ্ধি বাড়ে, ‍ক্ষুদে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ মুহূর্ত কাটিয়েছেন, যা উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার মাঝে ইতিবাচক আবহ সৃষ্টি করে।

Advertisement

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেন। পরে বিয়াম স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে তিনি স্বতঃস্ফূর্তভাবে সময় কাটান এবং তাদের সঙ্গে সহজ-সরল আলাপচারিতায় অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের কাছে জানতে চান তারা খেলাধুলায় অংশ নেয় কি না। শিক্ষার্থীরা জানায়, তারা খুব বেশি খেলাধুলা করে না। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‌‘খেলতে হবে তো। না খেললে পড়া যাবে না। বেশি করে খেলতে হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, বেশি খেলাধুলা করলে বুদ্ধি বাড়ে। এ সময় এক শিক্ষার্থীর আন্তরিক মন্তব্যে তিনি সাড়া দিয়ে হাস্যরস করে বলেন, ‘ঠিক বলেছি?’ শিক্ষার্থী সম্মতি জানালে তিনি স্নেহভরে বলেন, ‘ওহ বাবা, এটা তো বেশ চালাক।’

Advertisement

পরে প্রধানমন্ত্রী শিক্ষার্থীর মাথায় স্নেহের হাত বুলিয়ে দেন এবং তাদের উদ্দেশে বলেন, ‘তোমরা পড়ো সবাই, আমি তোমাদের অন্য বন্ধুদের কাছে যাচ্ছি।’

সবশেষে প্রধানমন্ত্রী ‘আল্লাহ হাফেজ’ বলে হাত নেড়ে বিদায় নেন। শিক্ষার্থীরাও তাকে হাত নেড়ে বিদায় জানায়।

কেএইচ/এমআরএম

Advertisement