জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেছেন, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেন ২ নভেম্বর এবং এটি প্রতিষ্ঠিত হয় ২০ অক্টোবর। তাই আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে ২ নভেম্বর।
Advertisement
শনিবার (২৫ এপ্রিল) অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠানটি হয়।
জবি উপাচার্য বলেন, ‘আগামী বিশ্ববিদ্যালয় দিবসের আগেই কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হবে। এ বিশ্ববিদ্যালয় দিবসে আমরা শিল্পী জেমসকে আনার পরিকল্পনা করছি। জবিকে অন্তরে ধারণ করলে আপনারা সবাই একত্রিত হবেন।’
অধ্যাপক রইছ উদ্দীন জানান, জবি থেকে যারা সংসদ সদস্য রয়েছেন, তাদের নিয়ে একটি সংবর্ধনা আয়োজনের চেষ্টা করা হবে। তারা উদার মানসিকতা নিয়ে পাশে দাঁড়ালে বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সমাধান করা সহজ হবে।
Advertisement
তিনি বলেন, ‘একজন বাবার কাছে ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তার সন্তান তাকে ছাড়িয়ে যায়। আজ আমারও সেই আনন্দ অনুভূত হচ্ছে, কারণ অভিভাবক হিসেবে আমার শিক্ষার্থীরা আমাদেরও ছাড়িয়ে গেছে। আমরা সবাইকে নিয়ে সামনে এগোতে চাই। এখানে কোনো রাজনৈতিক চর্চা হবে না, আমরা সবাই একটি পরিবার।’
অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সজল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. শেখ গিয়াসউদ্দিন।
টিএইচকিউ/একিউএফ
Advertisement