শিক্ষা

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। দেশের শিক্ষাব্যবস্থায় সেশনজট নিরসনে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। মন্ত্রীর ভাষ্য, একইভাবে এইচএসসি পরীক্ষাও এগিয়ে আসবে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অন্তত চার মাস এগিয়ে আসবে এসএসসি পরীক্ষা।

Advertisement

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষার্থীদের জীবন থেকে সেশনজটের অভিশাপ দূর করতে বদ্ধপরিকর জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরবর্তী সময়ে এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে পরীক্ষার সময়সূচি এলোমেলো হয়ে গিয়েছিল। সেসময় পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরেই শেষ করতে চাই।

একই কারণে এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তবে এইচএসসি পরীক্ষা কবে শুরু হতে পারে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

Advertisement

এএএইচ/এমআইএইচএস